দুই হাসপাতালকে সাত লাখ টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান (রিএজেন্ট) ব্যবহার, অনুমোদন না নিয়ে এক্স-রে ইউনিট স্থাপনসহ বিভিন্ন অপরাধে রাজধানীর উত্তরায় দুইটি বেসরকারি হাসপাতালকে সাত লাখ জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে তিনটা পর্যন্ত এ অভিযান চলে। র্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হাসপাতাল দুটি হলো, উত্তরা ১১ নম্বরের সেক্টরে গরীব এ নেওয়াজ রোডে অবস্থিত শিন-শিন জাপান হাসপাতাল লিমিটেড ও কেয়ার জোন হাসপাতাল লিমিটেড। বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ উপাদানের মোড়কে ঘষামাজা করে মেয়াদ বাড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার দায়ে শিন-শিন হাসপাতালকে চার লাখ টাকা জরিমানা করা হয়। আর অনুমোদন না নিয়ে এক্স-রে ইউনিট, ডায়াগনস্টিক সেন্টার ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের দায়ে কেয়ার জোন হাসপাতাল কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ আদালত পরিচালনা করেন।