দুই হুজি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠনে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁরা হলেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামের রকিবুল ইসলাম (২৪) ও রাজবাড়ীর পাংশা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের আবদুল্লাহ আল মামুন (২০)। র‍্যাব বলছে, এই দুজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গতকাল শনিবার ভোরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় বিপুল পরিমাণ ‘জিহাদি’ বই, সার্কিট ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খালেক প্রথম আলোকে বলেন, গতকাল বেলা সাড়ে চারটায় র‌্যাব সদস্যরা ওই দুজনকে থানায় সোপর্দ করেছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে। র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুজন বলেছেন, তাঁরা প্রায় দুই বছর ধরে সংগঠনটির সক্রিয় সদস্য হিসেবে জড়িত।