দুই 'জঙ্গি' নিহত, গ্রেপ্তার তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযানে দুই সন্দেহভাজন জঙ্গি নিহত এবং পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযানে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজমুল করিমের হাত ভেঙে যায় এবং পুলিশের উপপরিদর্শক মহসিন আলীর মাথায় স্প্লিন্টারের আঘাত লাগে। নাজমুলকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মহসিন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন। তাঁরা শঙ্কামুক্ত।

১৭ দিনের ব্যবধানে গতকাল রোববার ঝিনাইদহে এটা পুলিশের দ্বিতীয় দফা অভিযান। এর আগে ২১ এপ্রিল জেলার পোড়াহাটি গ্রামের একটি আস্তানায় অভিযান চালানো হয়। তখন বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হলেও কেউ গ্রেপ্তার হননি। ৫ মে ঝিনাইদহ থেকে শামীম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কথার সূত্র ধরেই গতকাল অভিযান চালানো হয়। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেন, শামীম ঝিনাইদহে নব্য জেএমবির সাংগঠনিক কাজকর্ম সমন্বয় করতেন। হলি আর্টিজানের অন্যতম হামলাকারী নিবরাস ইসলাম ঝিনাইদহে ছিলেন। তাঁর সঙ্গে শামীমের যোগাযোগ ছিল বলেও মনে করা হচ্ছে।

গতকালের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন জহুরুল ইসলাম, তাঁর ছেলে জসিম উদ্দিন ও আলমগীর হোসেন। ঢাকায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম বলেন, যে বাড়িতে অভিযান চালানো হয়েছে, সেটির মালিক জহুরুল ইসলাম। তিনি ও তাঁর ছেলে দুজনেই জঙ্গিবাদে উদ্বুদ্ধ। তাঁরা নিজ বাড়িতে বহিরাগত ‘জঙ্গি’দের আশ্রয় দিয়ে আসছিলেন। তাঁরা সবাই নব্য জেএমবির সদস্য।

পুলিশি অভিযানে নিহত একজনের নাম ‘তুহিন’ বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত দুজনের একজন আত্মঘাতী হলেও অন্যজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন নাকি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি।

রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযানস্থলের আশপাশের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে সব ধরনের চলাচল নিষিদ্ধ করে প্রশাসন। রাত ৯টায় অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বজরাপুর গ্রামের বাসিন্দারা জানান, সকাল সাতটার দিকে হঠাৎ করে তাঁরা গ্রামে গোলাগুলি ও বোমা ফাটার শব্দ পান। এরপর জানতে পারেন ওই গ্রামের জহুরুল ইসলামের বাড়িতে পুলিশের অভিযান চলছে। গ্রামের বেশ কয়েকজন ঘটনা দেখার জন্য বাড়ির বাইরে গেলে পুলিশ প্রথমে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেয়। পরে তাঁদের বাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যেতে বলা হয়।

জহুরুল ইসলামের প্রতিবেশী হাশেম আলী বলেন, জঙ্গি আস্তানা হিসেবে যে বাড়িটিতে অভিযান চালানো হয়েছে, সেই বাড়ির পাশেই তাঁর বাড়ি। ভোর পাঁচটার দিকে তিনি ঘুম থেকে উঠে চারদিকে প্রচুর পুলিশ দেখতে পান। তাঁর ঘরের ছাদেও পুলিশ অবস্থান নেয়। তিনি ঘরের জানালা দিয়ে ঘটনা দেখার চেষ্টা করেন। কিছুক্ষণ পর দেখতে পান তাঁর বাড়ির সীমানায় গুলিবিদ্ধ একজন পড়ে আছেন। পরে জানতে পারেন যে ভেতরে আরেকজন মারা গেছেন।

অভিযানে অংশগ্রহণকারী এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তাঁরা সকালে অভিযান শুরু করলে প্রথমে জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় গোলাগুলিতে একজন নিহত হন। পরে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করলে জঙ্গিরা ভেতর থেকে গুলি ও বোমা ফাটায়। আত্মঘাতী বোমা হামলায় এ সময় আরও একজন মারা যান।

ঢাকায় সিটিটিসির প্রধান বলেন, ৫ মে পুলিশ ঝিনাইদহ থেকে শামীম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে শামীম বলেন, ঝিনাইদহে তাঁর বাড়ির নিচে বিস্ফোরক আছে। এ ছাড়া আরও একটি জঙ্গি আস্তানার খবর তিনি জানেন। শনিবার রাতেই কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজমুল করিমের নেতৃত্বে একটি দল শামীমকে নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। ভোরে শামীমের বাড়িতে ব্যাগের ভেতর থেকে পুলিশ বিস্ফোরক উদ্ধার করে। পরে শামীমই দ্বিতীয় আস্তানাটি দেখিয়ে দেন।

সিটিটিসির প্রধান বলেন, বজরাপুর গ্রামের জহুরুল ইসলামের বাড়িতে ঢোকার পর ‘সুইসাইডাল ভেস্ট পরা এক জঙ্গি’ পুলিশের দিকে এগিয়ে আসেন। তখন তাঁকে উদ্দেশ্য করে পুলিশ গুলি ছোড়ে। সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়েছে নাকি পুলিশের গুলিতে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আরেক জঙ্গি সুইসাইডাল ভেস্ট পরে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। ওসি তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বেরিয়ে আসেন। সে সময় ওই জঙ্গিও তাঁর পিছু নেন। ওসি নিরাপদ দূরত্বে সরে এলেও নাজমুল করিম ও পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক আহত হন। নাজমুলের ডান হাত ভেঙে গেছে, এসবির উপপরিদর্শকের মাথায় স্প্লিন্টারের আঘাত লেগেছে।

এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, কৌশলগত কারণে সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের উপস্থিতি বেশি। কারণ সীমান্ত এলাকা থেকে বিস্ফোরক সংগ্রহ এবং ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ বেশি। প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিদের বাসা ভাড়া পেতে ইদানীং সমস্যা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, বাড়ির মালিক নিজেই জঙ্গিবাদে উদ্বুদ্ধ। তিনিই তাঁর বাড়িতে অস্ত্র ও গোলাবারুদ জমা করছেন এবং বহিরাগতদের আশ্রয় দিচ্ছেন। ঝিনাইদহে তা-ই ঘটেছে।

বজরাপুর গ্রামের মনির হোসেন বলেন, জহুরুল ইসলামের আদিবাড়ি কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুরে। তাঁর বাবা নূরুল ইসলাম একসময় খুলনা বেতারে বাঁশি বাজাতেন। এখন চা-বিক্রেতা। ছেলে জহুরুল ছয় বছর আগে বজরাপুর গ্রামে বাড়ি করেন। তিনিও চা-বিক্রেতা। এখন বাড়িতে মিষ্টি (লাড্ডু ও খাস্তা) তৈরি করে বিভিন্ন দোকানে বিক্রি করেন। তিনি আরও বলেন, জহুরুল ইসলাম এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। তাঁর নামাজ পড়ার ধরন আলাদা ছিল। মসজিদে নিয়মিত নামাজ পড়তেন না। বাড়িতে অথবা ফাঁকা জায়গায় নামাজ পড়তেন।

জহুরুল ইসলামের বাড়িটি দেয়াল দিয়ে ঘেরা। বাইরে থেকে কোনো কিছু দেখা যায় না। স্থানীয় বাসিন্দারা বলেন, বাড়ির মধ্যে তিনি কাউকে যেতে দিতেন না। বাড়িতে পুরুষ সদস্যরা না থাকলে দেয়ালের বাইরে থেকে কথা বলতে হতো। জহুরুল ইসলামের প্রতিবেশী লিটন হোসেন বলেন, জহুরুলের ছেলে জসিম এর আগে কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামে বিয়ে করেছিলেন। পরে স্ত্রীকে তালাক দেন। এ নিয়ে আদালতে মামলা হয়েছিল। জসিম বেশ কিছুদিন কারাগারেও ছিলেন।

পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক দেদার আহম্মেদ গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, প্রথম অভিযানটি চালানো হয় ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলা গ্রামের মৃত শরাফত হোসেনের বাড়িতে। শামীম শরাফত হোসেনের ছেলে। পরে সেখান থেকে আটটি তাজা বোমা, একটি পিস্তলসহ বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।