দুই 'ডাকাত' গুলিবিদ্ধ, চার পুলিশ সদস্য আহত
জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের সময় দুজন সন্দেহভাজন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় চারজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
আহত দুই সন্দেহভাজন ডাকাত হলেন, রফিক মিয়া (৩২) ও মিলন হোসেন (৩০)। তাঁদের বিরুদ্ধে ডাকাতি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আহত দুজনসহ আরও কয়েকজন পাঁচবিবি পৌর এলাকার বালিঘাটা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যায়। উপস্থিতি টের পেয়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এই দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের জয়পুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের পাঁচবিবি মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, রাত তিনটার দিকে পাঁচ বিবি থানা-পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করান। তাঁদের দুজনের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। পুলিশি পাহারায় তাঁদের চিকিৎসা চলছে।