দুই 'মানব পাচারকারীকে' ধরে পুলিশে দিল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই ‘মানব পাচারকারী’কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এ ছাড়া পেকুয়া উপজেলায় আরেকজনকে একই অভিযোগে আটক করে পুলিশ। আজ মঙ্গলবার বিভিন্ন সময়ে এই তিনজনকে আটক করা হয়।

চকরিয়ায় জনতার হাতে আটক দুজন হলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের মোকতার আহমদ কালুর ছেলে মহিবুল্লাহ ওরফে নেজাম (২৫) এবং মিয়ানমারের মংডু শহরের হাইছুরাতা এলাকার মো. খুইল্যা মিয়ার ছেলে মো. শফিক (২৮)। পেকুয়া থেকে আটক হওয়া ব্যক্তি হলেন উপজেলার মগনামা ইউনিয়নের শরতঘোনা এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ নুরুন্নবী।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশ মানবপাচারকারীদের ধরতে অভিযান শুরু করায় মানবপাচারকারী মহিবুল্লাহ ও শফিক চট্টগ্রামে পালিয়ে যাচ্ছিলেন। তাঁরা বাসের জন্য বরইতলী স্টেশনে অপেক্ষা করছিলেন। ঘটনা আঁচ করতে পেরে তাঁদের ধরে পুলিশে দেয় স্থানীয় লোকজন।
বরইতলী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশেদা বেগম বলেন, তাঁর ছেলে মোহাম্মদ ইউছুফ (২৫) ও প্রতিবেশী আহমদ নবীর ছেলে মনজুর আলমকে (২৩) স্থানীয় পাহাড়তলী এলাকার মহিবুল্লাহ মিয়ানমারের নাগরিক মো. শফিকের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে ট্রলারে তুলে দেন। থাইল্যান্ডের কোনো এক জায়গায় তাঁদের আটকে রেখে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা মুক্তিপণ আদায় করে মহিবুল্লাহ ও শফিক। টাকা আদায়ের পরও ইউছুফ ও মনজুর আলমের আর সন্ধান পাওয়া যাচ্ছে না। এমনকি ওই দুই মানবপাচারকারীরও আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ রাত আটটার দিকে বরইতলী স্টেশনে শফিক ও মহিবুল্লাহকে দেখতে পেয়ে রাশেদাকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, আটক দুজনের বিরুদ্ধে মানবপাচারের যথোপযুক্ত প্রমাণ পাওয়ায় পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে। তাঁদের বিরুদ্ধে চকরিয়া থানায় মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হবে।
এদিকে আজ বিকেল সাড়ে পাঁচটায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরতঘোনা এলাকা থেকে মোহাম্মদ নুরুন্নবীকে আটক করে পুলিশ। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, নুরুন্নবীর বিরুদ্ধে মানবপাচারের কয়েকটি অভিযোগ রয়েছে।