দুচোখ হারানো শাহজালালের শ্বশুর বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় দুই চোখ হারানো শাহজালালের শ্বশুরবাড়িতে হামলা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে। হামলায় শাহজালালের মা রেনু বেগম, স্ত্রী রাহেলা বেগম ও শাশুড়ি রানি বেগম আহত হয়েছেন।

খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে ওই হামলা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। শাহজালালের শ্বশুরবাড়িটি খুলনা নগরের খালিশপুর থানার নয়াবাটি রেলবস্তি এলাকায়।

শাহজালালের শাশুড়ি রানি বেগম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শারমিন রহমানের নেতৃত্বে পাঁচজন নারী তাঁদের বাড়িতে ঢোকেন। এ সময় শাহজালাল, তাঁর মা রেনু বেগম, স্ত্রী রাহেলা বেগম ও শাশুড়ি রানি বেগম ঘরের মধ্যে বসে গল্প করছিলেন। বাড়ির বাইরে গেটের কাছে দুজন যুবক দাঁড়িয়ে ছিলেন। তাঁদের হাতে ছিল ধারালো অস্ত্র। ঘরে ঢুকেই রাহেলাকে খোঁজ করেন শারমিন। রাহেলা উঠে দাঁড়ালে তাঁকে মারধর শুরু করেন ওই নারীরা। এরপর রেনু ও রানিকেও মারধর করে পালিয়ে যান তাঁরা। হাতুড়ি, শাবল দিয়ে তাঁদের মারধর করা হয়।

এ ব্যাপারে শারমিন রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোর কাছে শাহজালালের পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘গত এপ্রিল মাসে খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তারের মেয়ের ব্যাগ ছিনতাই হয়। পুলিশ তৎপরতা চালিয়ে শাহজালালের কাছ থেকে ওই ব্যাগের মধ্যে থাকা মোবাইল ফোনসেট উদ্ধার করে। ওই ব্যাগের মধ্যে ক্রেডিট কার্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। শুনেছি তাসলিমা আক্তার কয়েকজন মহিলাকে নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন। শাহজালালের কাছে ক্রেডিট কার্ড ও অন্যান্য কাগজপত্র চাওয়ার পর তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করে আটকে রাখা হয়। পরে তাঁরা জোর করে চলে আসেন।’

শারমিন রহমান দাবি করেন, শাহজালালের বাড়িতে তিনি যাননি। আর তাঁদের মারধরের প্রশ্নই ওঠে না।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান গতকাল সন্ধ্যায় বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি।

গত ১৮ জুলাই রাতে খালিশপুরের গোয়ালখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে শাহজালালকে আটক করে পুলিশ। পরদিন তাঁর দুই চোখ ওপড়ানো অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে থাকতে দেখে তাঁর পরিবারের সদস্যরা। এরপর থেকে শাহজালালের চোখ নষ্ট করার অভিযোগ ওঠে খালিশপুর থানা-পুলিশের বিরুদ্ধে।