দুজন খুন, দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর খাঁপাড়া এলাকায় গত বুধবার রাতে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই রাতে মানিকগঞ্জের শিবালয়ে চালককে হত্যার পর মোটরসাইকেল নিয়ে পালানোর সময় দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে চালকের লাশ উদ্ধার করা হয়।
এ ছাড়া গতকাল সকালে গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের তালটিয়া এলাকায় ডোবা থেকে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই সময় মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামের একটি ডোবা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, টঙ্গীর খাঁপাড়া এলাকা ও আশপাশে মনির হোসেন ওরফে ফাটা মনির ও ছোট জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ইয়াবা বড়ি ও ফেনসিডিলের ব্যবসা করে আসছেন। সম্প্রতি মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। বুধবার রাত সাড়ে নয়টার দিকে খাঁপাড়া এলাকায় দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মনির ও তাঁর সঙ্গে থাকা লোকজন জাহাঙ্গীরের পেটে ও বাঁ হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, গতকাল সকালে তালটিয়া এলাকার একটি ডোবায় অজ্ঞাতনামা এক তরুণীর লাশ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের পরনে ছিল নীল সালোয়ার, কালো কামিজ ও নীল-কালো-হলুদ ছাপার বোরকা। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ ডোবায় ফেলে যায়।
এদিকে মানিকগঞ্জে নিহত মোটরসাইকেলের চালকের পরিবার ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাত নয়টায় শিবালয়ের দুর্গম চরাঞ্চল পারুলিয়া এলাকা থেকে দুজন যাত্রী নিয়ে আঁখিনুর ইসলাম (১৮) উপজেলার তিসুন্দী খেয়াঘাটের উদ্দেশে রওনা হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকালে ওই খেয়াঘাটের পাশে তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে নিহত ব্যক্তির স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ আঁখিনুরের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বুধবার রাতেই ট্রলারে যমুনা নদী পার হয়ে ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ইমরান ও ছানোয়ার নামের দুই তরুণ উপজেলার জাফরগঞ্জ ঘাটে নামেন। রাত ১১টার দিকে জাফরগঞ্জ বাজার এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান গতকাল জানান, আটক তরুণদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
বুধবার সকালে বাড়ি থেকে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম সেওতা গ্রামে বড় মেয়ে আসমা আক্তারের বাড়িতে যান শেফালী বেগম নামের এক গৃহবধূ। বিকেলে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকালে ভাটবাউর গ্রামের একটি ডোবায় তাঁর লাশ ভাসতে দেখেন গ্রামবাসী। সদর থানার এসআই কাজী আবুল বাশার জানান, এ ঘটনায় মামলা হয়েছে।