দুজন খুন, লাশ উদ্ধার আরেকজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বামীর হাতে গৃহবধূ এবং ময়মনসিংহের নান্দাইলে দুর্বৃত্তের হাতে এক ব্যক্তি খুন হয়েছেন। গত বুধবার রাতে এ হত্যাকাণ্ড দুটি সংঘটিত হয়।
এদিকে সিলেটের দক্ষিণ সুরমায় হাওর থেকে গতকাল বৃহস্পতিবার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ভৈরব: পাকুন্দিয়ার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামে স্বামীর হাতে রাহেনা খাতুন (৩৬) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। রাহেনাকে হত্যার পর স্বামী মাসুদ ভূঁইয়া (৪০) পালিয়ে যান।
এলাকাবাসী জানান, ১৪ বছর আগে মাসুদের সঙ্গে রাহেনার বিয়ে হয়। তিন বছর ধরে মাসুদ কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে রাহেনা নিজ ঘরে নামাজ আদায় করার সময় মাসুদ পেছন থেকে স্ত্রীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাহেনা মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী বলেন, মাসুদ কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তিনিও জানতে পেরেছেন। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাহেনার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নান্দাইল: উপজেলা সদরের পশ্চিম চরভেলামারী বাজারের একটি দোকান ঘেরাও করে দুর্বৃত্তরা ভেতরে বসা শফিুকল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে।
নিহত শফিকুলের স্ত্রী সালমা খাতুন (৩২) অভিযোগ করেন, চরলক্ষ্মীদিয়া গ্রামের মোজাম্মেল হক, ইলিয়াছ আহমেদ, এনামুল হকের নেতৃত্বে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে চরভেলামারী বাজারের একটি দোকানে বসা অবস্থায় তাঁর স্বামীকে কুপিয়ে হত্যা করে। তিনি আরও বলেন, স্থানীয় মইষালগোষ্ঠীর সঙ্গে তাঁদের সর্দারগোষ্ঠীর বিরোধ ছিল। হামলাকারীরা মইষালগোষ্ঠীর লোক।
এ বিষয়ে মইষালগোষ্ঠীর কারও বাড়িতে গিয়ে কোনো পুরুষ লোক পাওয়া যায়নি। তবে ওই গোষ্ঠীর নেতা মোজাম্মেলের স্ত্রী শরীফা আক্তার (৩৫) দাবি করেন, সর্দারগোষ্ঠীর দ্বন্দ্বেই শফিকুল খুন হয়েছেন।
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
সিলেট: দক্ষিণ সুরমা উপজেলার হাজরাই এলাকার লাসোমারা হাওর থেকে গতকাল দুপুরে স্থানীয় লোকজন আবদুল আলী (২৮) নামের এক সবজি বিক্রেতার লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, নিহত আলীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকারীদের আটকে অভিযান চালানো হচ্ছে।