‘ডিবি’ পরিচয়ে অপহরণের পর হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে এই দুজনের জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি। শত্রুতার জের ধরে নিহতের পরিবার এই দুজনকে আসামি করে মামলা করেছে বলে পুলিশের ধারণা।
৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর থেকে ডিবি পরিচয়ধারীরা মমিন বক্স (৪০) ও তাঁর গাড়িচালককে ধরে নিয়ে যায়। ওই দিনই গাড়িচালককে ছেড়ে দেওয়া হয়। আর ১২ জুলাই কালশী সড়কে মমিন বক্সের লাশ পাওয়া যায়। উত্তর কালশী টেকেরবাড়ী এলাকার বাসিন্দা মমিন বক্স হাভেলি প্রপার্টিজ নামে একটি আবাসন প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি নির্মাণসামগ্রীর ব্যবসা করতেন। তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় দুটি হত্যাসহ ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পল্লবীর ওই এলাকার স্থানীয় ব্যক্তিরা জানান, মমিন মূলত হাভেলি প্রপার্টিজের হয়ে জমি দখলের কাজ করতেন। এ নিয়ে এলাকার সুরুজ মিয়ার পরিবারসহ বিভিন্নজনের সঙ্গে তাঁর বিরোধ ছিল।
সর্বশেষ গত ১৪ মে জমি নিয়ে সুরুজ মিয়ার লোকজনের সঙ্গে মমিন বক্সের সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে আব্দুর রহমান চঞ্চল (২১) নামে এক কলেজছাত্র নিহত হন। চঞ্চল হত্যার ঘটনায় মমিন বক্সকে প্রধান আসামি করে পল্লবী থানায় একটি হত্যা মামলা করেছিলেন নিহতের ভাই সাইফুল ইসলাম।
এদিকে মমিন বক্সের লাশ উদ্ধারের তিন দিন পর তাঁর স্ত্রী নার্গিস আক্তার মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে চঞ্চলের বাবা হারেস আলী ও চঞ্চলের ভাই সাইফুল ইসলামের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানে আলম মুন্সী বলেন, নার্গিস আক্তারের মামলা দায়েরের পর ১৭ জুলাই এজাহারভুক্ত দুই আসামি হারেস ও সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারা হেফাজতে পাঠানো হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেপ্তার হওয়া দুজনের কোনো সংশ্লিষ্টতা মেলেনি। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে কোনো সূত্রই পাওয়া যায়নি। কারা, কীভাবে, কোথায় মাইক্রোবাসে করে মমিন বক্সকে ধরে নিয়ে গিয়েছিল, সেসব বিষয়ে কিছুই জানা যায়নি। কর্মকর্তাদের ধারণা, হত্যা মামলা করার জের ধরে মমিনের পরিবার বাবা-ছেলেকে (হারেস ও সাইফুল) মামলার আসামি করেছে।
পল্লবীর স্থানীয় কয়েকজন জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া হারেস আলীর পরিবারটি দরিদ্র। তাঁর ছেলে সাইফুল মোটরগাড়ি মেরামতের কাজ করেন। ১৪ মে সংঘর্ষের সময় সুরুজ মিয়ার লোক ভেবে মমিন বক্সের লোকজন কলেজছাত্র চঞ্চলকে কুপিয়ে-পিটিয়ে হত্যা করে।
মমিন বক্সের ভাগনিজামাই মো. মিনাল প্রথম আলোকে বলেন, হারেস আলীর পরিবারকে সন্দেহ হয় বলেই মামলায় তাঁদের আসামি করেছেন। এখন পুলিশ তদন্ত করে বের করবে কীভাবে হত্যাকাণ্ডটি ঘটেছিল।