দুজনই ঢাকা মেডিকেলে, দেখা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেলে ‘বেবি অব নাজমা’
ঢাকা মেডিকেলে ‘বেবি অব নাজমা’

মাগুরা ছাত্রলীগের গুলিতে আহত মা নাজমা বেগম আজ বৃহস্পতিবার রাতে ঢাকা এসেছেন। তবে নবজাতক সন্তানের সঙ্গে তাঁর দেখা হয়নি। আজ রাত আটটার দিকে মাগুরা থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান নাজমা বেগম। তার আগেই আজ সকালে ‘বেবি অব নাজমা’কে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বাচ্চার মা নাজমা বেগমের জ্বর এসেছে। তাই আজ বাচ্চার সঙ্গে তাঁর দেখা হয়নি। তবে তিনি বাচ্চার ছবি দেখতে চাইলে কর্তব্যরত একজন চিকিৎসকের মুঠোফোনে তোলা ছবি তাঁকে দেখানো হয়।
নাজমা বেগমকে এখন ঢাকা মেডিকেল কলেজের ‘স্পেশাল কেয়ার বেবি ইউনিটের’ (স্ক্যাবু) পাশের কক্ষে রাখো হয়েছে। শিশুটির শরীরে কিছুটা জটিলতা দেখা দেওয়ায় তাকে স্ক্যাবুতে পাঠানো হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান।
এ দিকে ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান আশরাফুল হক প্রথম আলোকে বলেছেন, ‘শিশুটি ঝুঁকিমুক্ত নয়। রক্তে সংক্রমণের একটা আশঙ্কা তৈরি হয়েছে। ওর শরীরের প্লাটিলেট ৫০ হাজারে নেমেছে। এর পরিমাণ কমপক্ষে দেড় লাখ হওয়ার কথা। তার জন্ডিস হয়েছে। শিশুটিকে স্যালাইন দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, শিশুটি জন্মের পর থেকে মায়ের দুধ পেলে এই সংক্রমণ এড়ানো যেত।

চিকিৎসকেরা জানান, বুলেটবিদ্ধ শিশুটি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। সকালে শিশু সার্জারির পাশাপাশি, নবজাতক বিভাগের চিকিৎসকরাও শিশুটিকে পরীক্ষা করেন। ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘ও তো পৃথিবীতে আসার আগে থেকেই সমস্যার মধ্যে আছে। অপরিণত জন্ম, কম ওজন নিয়ে জন্ম নেওয়া, পেটের মধ্যে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হওয়া-সবকিছুই ওর জন্য রিস্ক ফ্যাক্টর। এসব মাথায় রেখেই নিবিড় তত্ত্বাবধান চলছে। ওকে নিয়ে আমরা সবাই চিন্তিত।’

মাগুরায় সদর হাসপাতালে মা নাজমা বেগম
মাগুরায় সদর হাসপাতালে মা নাজমা বেগম

মাগুরার সিভিল সার্জন আব্দুল লতিফ বলেন, ‘আমরা বৃহস্পতিবার অস্ত্রোপচারের পরপরই মা-মেয়ে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছিলাম। পরিবার নাজমাকে ঢাকায় নেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। আজ সকালে শিশুটির বাবা নাজমা বেগমকে নিয়ে যাওয়ার জন্য দরখাস্ত দেয়। আমরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ছেড়ে দিই।’
ঢাকায় রওনা দেওয়ার আগে নাজমা বেগম বলেন, ‘একটা বাচ্চা জন্ম দিতি কী কষ্ট সেটা সবাই জানেন। আমার পেটের ভেতর আমার মণিকে গুলি করল? আমি এর বিচার চাই।’ দুদিন বয়সে শিশুকে ঢাকায় পাঠানোর সময় তাকে দেখেছিলেন বাবা বাচ্চু ভূঁইয়া। মেয়েকে দেখতে পেয়ে তিনিও খুশি। ঢাকায় আসার ব্যাপারে তাঁদের পুলিশ সহযোগিতা করেছে বলে তিনি জানান।
মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় গত বৃহস্পতিবার (২৩ জুলাই) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম (৩৫)। গুলি মায়ের পেটে শিশুর শরীরও এফোঁড়-ওফোঁড় করে ফেলে। ওই সময় গুলি ও বোমায় আহত হন নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়াও। কিন্তু পরদিন তিনি মারা যান। শিশুটির ক্ষতস্থানে গত বুধবার অস্ত্রোপচার করেছেন চিকিৎসকেরা।