দুজনই পলাতক আসামি, পুলিশ ধরল একজনকে
পুলিশের নথিতে তাঁরা ‘পলাতক’ আসামি; দুজনই আবার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান। একজন পুলিশের উপস্থিতিতে গতকাল রোববার চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা। অন্যজন শপথের অনুষ্ঠানস্থলে ঢোকার আগেই গ্রেপ্তার। তিনি জামায়াত নেতা।
বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল রোববার সকালে এ শপথ অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন সেখানে শাজাহানপুর উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (‘এ’ সার্কেল) মো. মশিউর রহমান এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস এম রফিকুন্নবী।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি শাজাহানপুরের ওমরদীঘি বাজারে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ওরফে ভিপি শাহিনের ব্যক্তিগত গাড়ি তল্লাশি করে চারটি গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ। পরে একই বাজারে তাঁর কার্যালয়ে তল্লাশি করে পাওয়া যায় ১১টি তাজা ককটেল ও কিছু দেশি অস্ত্র। এ ঘটনায় পুলিশ সাজেদুরের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে। অস্ত্র মামলার তদন্ত শেষে প্রধান আসামি সাজেদুরসহ চারজনকে পলাতক দেখিয়ে ৩১ মে আদালতে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বিস্ফোরক আইনে করা মামলাটি এখনো থানায় তদন্তাধীন।
মামলার নথিতে পলাতক হলেও ইউপি নির্বাচনের সময় সাজেদুর সশরীরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন এবং নির্বাচনী প্রচারণা চালান। ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে উপজেলার খরনা ইউপির চেয়ারম্যান পদে বিজয়ী হন।
অন্যদিকে, ২০১৫ সালের ৫ জানুয়ারি ঘিরে শাজাহানপুরে অবরোধের সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাজাহানপুর উপজেলা জামায়াতের আমির আবদুস সালামের বিরুদ্ধে দুটি মামলা হয়। পরে দুটি মামলাতেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ অবস্থায় তিনি পলাতক থেকে উপজেলার মাঝিড়া ইউপিতে নির্বাচন করে চেয়ারম্যান পদে জয়ী হন।
প্রত্যক্ষদর্শী ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণের জন্য গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। বেলা ১১টায় নির্ধারিত শপথ অনুষ্ঠানের আগেই গোয়েন্দা পুলিশ ও শাজাহানপুর থানা-পুলিশের সদস্যরা কার্যালয়ের বাইরে অবস্থান নেন। এতে কানাঘুষা শুরু হয়, শপথ নিতে এলেই গ্রেপ্তার হতে পারেন ‘পলাতক’ সাজেদুর রহমান ও আবদুস সালাম। কিন্তু পুলিশের সামনে দিয়ে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ঢোকেন সাজেদুর। শপথ গ্রহণ শেষে একইভাবে কার্যালয় ত্যাগ করেন তিনি। আর অনুষ্ঠানস্থলে যাওয়ার আগেই কার্যালয়ের সিঁড়িপথ থেকে আবদুস সালামকে গ্রেপ্তার করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং শাজাহানপুর থানা-পুলিশের সদস্যরা।
জানতে চাইলে বগুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী প্রথম আলোকে বলেন, অস্ত্র মামলায় সাজেদুর রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্র দাখিলের পর আদালত নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের এখতিয়ার নেই পুলিশের। সাজেদুর রহমানের বিরুদ্ধে নতুন করে কোনো গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের কাছে পৌঁছায়নি। অন্যদিকে তদন্তাধীন অন্য মামলাটিতেও এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেই। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়নি।
সাজেদুর রহমান মুঠোফোনে দাবি করেন, চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার জন্য তিনি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছেন। এরপর যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই তিনি শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
কিন্তু পরে আদালতে খোঁজ নিয়ে জানা গেছে, সাজেদুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলাটি বর্তমানে জেলা জজ আদালতে বিচারাধীন। মামলার নথিতে উচ্চ আদালতের জামিনের কোনো কাগজপত্র নেই। অন্যদিকে বিস্ফোরক আইনে হওয়া মামলাটির নথি রয়েছে শাজাহানপুর উপজেলার বিচারিক হাকিম আদালতে। সেখানে তিনজন আসামি জামিনে রয়েছেন বলে উল্লেখ থাকলেও সাজেদুর রহমানের জামিনের আদেশ নেই।
জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অস্ত্র মামলায় সাজেদুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছেন। আদালত পরোয়ানা জারি না করায় তাঁকে গ্রেপ্তার করা হয়নি। আর বিস্ফোরক মামলার তদন্তে এখনো সাজেদুরের সম্পৃক্ততা পাওয়া যায়নি।
জানতে চাইলে বগুড়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মতিন প্রথম আলোকে বলেন, যেকোনো মামলাতেই আসামি পলাতক থাকলে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের সময় তদন্তকারী কর্মকর্তা তাতে লিখে দেন, আসামি পলাতক, বিধায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যেতে পারে। এ মামলাতেও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। তিনি আরও বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুরের বিরুদ্ধে মামলাটি অস্ত্র আইনের। এমন একটি স্পর্শকাতর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি আদালতে পেন্ডিং থাকার কথা নয়। তবে সেটি থানা পর্যন্ত পৌঁছেছে কি না, তা পুলিশই ভালো বলতে পারবে।’