ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার রাজ্জাক মৃধা নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিবেশী এক নারী। একই দিন পূর্বশত্রুতার জের ধরে সালথা উপজেলায় ভাতিজার ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছেন চাচা লতিফ মাতুব্বর।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কেয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রাজ্জাক মৃধাকে (৬৫) কুপিয়ে হত্যা করেছেন প্রতিবেশী রেবেকা বেগম (৫০) নামের এক নারী। নিহত রাজ্জাক মৃধা একজন মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ছিলেন। পুলিশ রেবেকা বেগমকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশের প্রতিবেশী রেবেকা বেগম বিরোধপূর্ণ জমিতে গাছের কাঁঠাল কাটতে যান। এ সময় রাজ্জাক মৃধা এসে বাধা দিলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রেবেকা দা দিয়ে রাজ্জাকের গলায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। রাজ্জাককে বাঁচাতে তাঁর ভাই সাবেক সেনা সার্জেন্ট আবুল বাসার (৬০) এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। পরে বাড়ির লোকজন আহত রাজ্জাক ও বাসারকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। আবুল বাসারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদ জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রাতেই রেবেকা বেগমকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আবুল বাসার বাদী হয়ে গতকাল শনিবার থানায় একটি মামলা করেছেন।
এদিকে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে ভাতিজা পিকুল মাতুব্বরের ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছেন চাচা লতিফ মাতুব্বর (৪০)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে চাচা ও ভাতিজার মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ভাতিজা পিকুল মাতুব্বর চাচা লতিফ মাতুব্বরের বুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে দুটি কোপ দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন জানান, ঘটনার পর থেকে ভাতিজা পিকুল মাতুব্বর পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।