দুজনকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
পিরোজপুরের কাউখালী উপজেলায় আজ শুক্রবার দিনদুপুরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার কচুয়াকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই ব্যবসায়ী হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাবুল সাহা (৫৫) ও বরিশালের বানারীপাড়া উপজেলার অসীম কুণ্ডু (৫০)। বাবুল সাহাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসীম কুণ্ডুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ পারভেজ মহাজন (২২) নামের এক যুবককে আটক করেছে।
আহত বাবুল সাহা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি ও অসীম চালসহ বিভিন্ন ধরনের পণ্য জেলার বিভিন্ন মুদি দোকানে সরবরাহ করেন। পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আজ শুক্রবার বিকেলে তাঁরা কাউখালী এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আদায় করে মোটরসাইকেলে নেছারাবাদ ফিরছিলেন। তাঁর কাছে ১২ লাখ ও অসীমের কাছে ছয় লাখ টাকা ছিল। বিকেল চারটার দিকে কাউখালীর কচুয়াকাঠী এলাকায় চারজন যুবক তাঁদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাঁদের কাছে থাকা ১৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যুবকেরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ওসমান গণি বলেন, অসীমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।