দুজনকে গুলি করে ১২ লাখ টাকা ছিনতাই
রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের সামনে গতকাল শনিবার সকালে দুজনকে গুলি করে প্রায় ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ দুজন হলেন আল-আমিন (২২) ও মোশাররফ হোসেন (২৮)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা দুজন মোবাইল ব্যাংকিং কোম্পানি বিকাশের বিভিন্ন প্রতিনিধিদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন বলে জানিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আল-আমিন প্রথম আলোকে বলেন, তিনি ছয় মাস ধরে বিকাশের কচুক্ষেত অঞ্চলের পরিবেশক এইড ডিস্ট্রিবিউটরের অধীনে বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজ করেন। আর মোশররফ হোসেন প্রায় তিন বছর ধরে বিভিন্ন প্রতিনিধির কাছ থেকে টাকা সংগ্রহ করেন।
ঘটনার বর্ণনা দিয়ে আল-আমিন বলেন, সকালে প্রতিনিধিদের কাছ থেকে সংগ্রহ করা টাকা জমা দিতে তাঁরা কচুক্ষেতের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। মোশাররফ মোটরসাইকেলটি চালাচ্ছিলেন, তিনি পেছনে বসা ছিলেন। বেলা পৌনে ১১টার দিকে তাঁরা পুলিশ স্টাফ কলেজের কাছে পৌঁছালে পেছন থেকে দুটি মোটরসাইকেলে চারজন যুবক তাদের পাশে গিয়ে গতিরোধের চেষ্টা করে। এরপরও তাঁরা না থামলে দুর্বৃত্তদের একজন তাঁর গলা জাপটে ধরে ও অন্যজন তাঁদের মোটরসাইকেলে লাথি মারে। এতে তাঁরা মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা তাঁদের দুজনের হাতে থাকা ব্যাগ দুটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
আল-আমিন বলেন, ‘আমাদের সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। ওদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে একজন আমার ঊরুতে পিস্তল ঠেকিয়ে গুলি করে ব্যাগ ছিনিয়ে নেয়। আর দুজন মোশাররফের দুই হাতে গুলি করে তাঁর ব্যাগটিও ছিনিয়ে নেয়। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ’
সেনপাড়া, কাজীপাড়া ও ইটখোলা বাজার এলাকা থেকে টাকাগুলো সংগ্রহ করেছিলেন বলে জানান আহত মোশাররফ। তিনি বলেন, তাঁর ব্যাগে ছয় থেকে সাত লাখ টাকা এবং বাকি টাকা ছিল আল-আমিনের ব্যাগে।
ঘটনাস্থলের কয়েকজন বাসিন্দা বলেন, ছিনতাইকারীদের হাতে অস্ত্র থাকায় তাঁরা কেউ এগিয়ে যেতে সাহস পাননি।
ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক বলেন, মোশররফের ডান হাতে একটি ও বাম হাতে দুটি গুলি লেগেছে। তিনটি গুলিই এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। আর আল-আমিনের বাম ঊরুতে লাগা গুলিটি আটকে ছিল, অস্ত্রোপচারের পর তা বের করা হয়েছ। দুজনই এখন আশঙ্কামুক্ত।
ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে থানা-পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন।