দুজনকে গুলি করে ১৪ লাখ টাকা ছিনতাই
ঢাকার আশুলিয়ায় গতকাল রোববার মুঠোফোনে আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান বিকাশের দুই কর্মীকে গুলি করে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাঁদের রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন বিকাশের কর্মী শুভ (২৭) ও জাহাঙ্গীর আলম (৩৪)। জামগড়া এলাকার সিনিয়র প্লাস প্রতিষ্ঠানে তাঁদের কার্যালয় ছিল।
আশুলিয়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুভ ও জাহাঙ্গীর আলম গতকাল দুপুরে আশুলিয়ার ছয়তলা এলাকার মণ্ডল মার্কেটে যান। তাঁরা বিভিন্ন দোকান থেকে ১৪ লাখ টাকা উত্তোলন করে তাঁদের প্রতিষ্ঠানে ফিরছিলেন। বেলা আড়াইটার দিকে তাঁরা দুজন মোটরসাইকেলে জামগড়া বটতলা এলাকায় পৌঁছান। এ সময় অপর দুটি মোটরসাইকেলে করে চার দুর্বৃত্ত এসে তাঁদের গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা তাঁদের দুজনের ডান পায়ে গুলি করে টাকার থলে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ আহত দুজনকে উদ্ধার করে। পরে তাঁদের স্থানীয় লোকজনের সহযোগিতায় রাজধানীর পঙ্গু হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়।
থানার ওসি মহসিনুল কাদির রাত আটটায় বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।