দুজনকে প্রকাশ্যে কোপাল হেলমেট পরা দুর্বৃত্তরা
সিলেট নগরের সোবহানীঘাটে ছাত্রলীগের দুই কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে আহত করেছে হেলমেট পরা একদল দুর্বৃত্ত। আজ সোমবার বেলা একটার দিকে জালালাবাদ কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত দুই ছাত্রলীগ কর্মী হলেন শাহীন আহমদ (২২) ও আবুল কালাম আসিফ (১৮)। শাহীন মদনমোহন কলেজ ও আসিফ জালালাবাদ কলেজের ছাত্র। দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে হেলমেট পরা পাঁচ থেকে ছয়জন যুবক রামদা ও চাপাতি নিয়ে ছাত্রলীগের ওই দুই কর্মীর ওপর হামলা চালায়। শাহীনের হাতে ও পায়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আসিফকে ধাওয়া করে পায়ের গোড়ালিতে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। অতর্কিত এ আক্রমণ হয়েছে বলে জানিয়ে একজন প্রত্যক্ষদর্শী বলেন, হরতাল-অবরোধ কর্মসূচিতে যেভাবে অতর্কিতভাবে গাড়ি ভাঙচুর করা হতো, সেই কৌশলে হামলা হয়েছে।
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, জালালাবাদ কলেজে ছাত্রলীগের সাংগঠনিক কাজ করতে গিয়ে প্রায়ই ছাত্রশিবিরের বাধার মুখে পড়তে হয়েছে। বর্তমানে একাদশ শ্রেণির ভর্তি সামনে রেখে ছাত্রলীগের কর্মীরা সাংগঠনিক প্রচারণার শুরুতে এ হামলা শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে করেছে। তবে হেলমেট পরা থাকায় হামলাকারী কাউকে চিনতে পারেনি কেউ।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, হামলাকারী শনাক্ত করতে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলসহ আশপাশ এলাকায় অবস্থান করছে।