দুজনকে মারধর করলেন ইউপি চেয়ারম্যান
বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গত মঙ্গলবার দুই ব্যক্তিকে মারধর করেছেন। অভিযোগ উঠেছে, রুহুল আমিন নামের একজনকে গ্রাম পুলিশের পদে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন ওই ইউপি চেয়ারম্যান। তবে চাকরি হয়নি। টাকা ফেরত চাইলে রুহুল ও অন্য একজনকে মারধর করা হয়।
রুহুল আমিন জানান, ২০১৩ সালের ২৭ অক্টোবর কড়ইবাড়িয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ মাস্টার দেড় লাখ টাকা নেন। কিন্তু পরে তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। রহুল বলেন, নিয়োগের জন্য দেওয়া টাকা ফেরত চাইলে, চেয়ারম্যান বিভিন্ন সময় ঘোরাতে থাকেন। গত মঙ্গলবার দুপুরে কড়ইবাড়িয়া বাজারে গেলে চেয়ারম্যানের সঙ্গে তাঁর দেখা হয়। সে সময় টাকা ফেরত চাইলে চেয়ারম্যান হাতে থাকা লাঠি দিয়ে তাঁকে (রহুল) পেটাতে থাকেন। ওই সময় এগিয়ে এলে আনোয়ার হোসেন তালুকদার নামের আরও এক ব্যক্তিকে মারধর করেন চেয়ারম্যান।
ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেন, ‘রুহুল আমিনের কাছ থেকে কোনো টাকা নিইনি।’