দুজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পৃথক ঘটনায় গত মঙ্গলবার রাতে দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ সাদেক (২২) ও গৃহবধূ জোসনা বেগম (৪০)।
পুলিশ ও পারিবারিক সূত্র বলেছে, শেখ সাদেক পুরান ঢাকার চকবাজার এলাকায় থাকেন। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে সাদেককে তাঁর বাবা হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাদেকের বাবা জানান, পারিবারিক কলহের জের ধরে সাদেক নিজের ঘরের দরজার সিটকিনি লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগান। গোঙানির শব্দে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাঁকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এর আগে ওই দিন রাত আটটার দিকে কামরাঙ্গীরচর থেকে স্বজনেরা জোসনা বেগম (৪০) নামে এক নারীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জোসনা কামরাঙ্গীরচরের জেলেহাটিতে থাকে। হাসপাতালে নেওয়া জোসনার আত্মীয় আবুল কালাম পুলিশকে বলেন, জোসনা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক দুজনের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।