দুজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা দুই যুবককে জিজ্ঞাসাবাদ করতে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ শহীদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। দুই যুবক হলেন তৌহিদুল আলম ওরফে আবদুল্লাহ ওরফে আবদুর রহমান ও আরিফুল মোস্তাফা।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বলেন, সীতাকুণ্ড থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই যুবককে জিজ্ঞাসাবাদ করতে গত বৃহস্পতিবার ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে গতকাল আদালত চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তাঁদের মধ্যে তৌহিদুল আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে সীতাকুণ্ড থানার একটি মামলায় গত বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ফটিকছড়ির সুন্দরপুর থেকে তৌহিদুলকে এবং সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে আরিফুলকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। এর আগে ১০ জুলাই সীতাকুণ্ড থেকে জঙ্গি সন্দেহে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। সেদিন চারজনের সঙ্গে তাঁরাও ছিলেন। কিন্তু অভিযানের বিষয়টি টের পেয়ে তাঁরা পালিয়ে যান। তাঁরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে পুলিশ জানায়। সীতাকুণ্ডের একটি কারখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা ছিল তাঁদের। 

মামলার তদন্ত কর্মকর্তা ও সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রিমান্ড মঞ্জুর হওয়া আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী রোববার কারাগার থেকে সীতাকুণ্ড থানায় আনা হবে।

 পুলিশ জানায়, সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা চারজনের কাছ থেকে চারটি চাপাতি, চারটি কিরিচ, ছয়টি মুঠোফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাব উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা করা হয়। বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া দুজনকেও একই মামলার আসামি করা হয়েছে। আর চার যুবককে মঙ্গলবার থেকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।