দুজনের ঝগড়া, একজনের মৃত্যু
খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের বড় মেরুং এলাকায় গত রোববার রাতে দুই ব্যক্তির ঝগড়ার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড় মেরুং এলাকার চা দোকানি আবদুল মান্নান (৪৮) কাঠমিস্ত্রি আতিকুর রহমানের (৩৫) কাছে ৪০০ টাকা পেতেন। গত রোববার রাত সাড়ে আটটার দিকে তিনি আতিকুরের কাছে পাওনা টাকার জন্য যান। এ সময় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মান্নান মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মান্নানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে স্থানীয় লোকজন আতিকুরকে ধরে পুলিশে সোপর্দ করেন।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে তিনি কী কারণে মারা গেছেন।
মান্নানের ছেলে মো. বাবুল বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে যদি দেখা যায়, তাঁর বাবা আঘাতের কারণে মারা গেছেন, তাহলে তাঁরা মামলা করবেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মান্নানের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। আতিকুরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।