রাজধানীর হাতিরঝিল, পল্লবী ও খিলগাঁও এলাকা থেকে গতকাল বুধবার এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনের নাম-পরিচয় পায়নি পুলিশ।
গতকাল সকাল নয়টার দিকে হাতিরঝিলের গাবতলা ব্রিজের নিচে এহসান আহমেদ (২৫) নামের এক যুবকের ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। ঘণ্টা খানেক পর রমনা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এহসানের বাসা রাজধানীর ১৩৩/১ পূর্ব শেওড়াপাড়া এলাকায়। তাঁর বাবার নাম রুহুল আমিন। গত মঙ্গলবার রাত থেকে এহসান নিখোঁজ ছিলেন। লাশে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এহসানের বড় ভাই আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, সাত বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।
সকাল সাড়ে নয়টার দিকে মিরপুরের পল্লবীর সাগুফতা হাউজিংয়ের পাশের ডোবায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করে পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর কাছ থেকে পুলিশ জেনেছে, এই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই সাগুফতা হাউজিং এলাকায় ঘোরাফেরা করতেন। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় কেউ জানেন না। গতকাল সকালে ডোবায় তাঁর লাশ ভেসে ওঠে।
একই সময় খিলক্ষেত উড়ালসড়কের নিচে রেললাইনের ওপর অজ্ঞাতনামা এক নারীর (৩৫) লাশ পাওয়া যায়। রেলওয়ে থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসেন।