দুজনের পেটের ভেতর পাঁচ হাজার ইয়াবা!
দুই ব্যক্তির পেটের ভেতর থাকা পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন রফিকুল ইসলাম (২৬) ও আমিনুল ইসলাম (৩০)। রফিকুলের বাড়ি টেকনাফে আর আমিনুরের বাড়ি সিরাজগঞ্জে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উত্তর) সহকারী পরিচালক খোরশিদ আলম বলেন, টেকনাফ থেকে ইয়াবার একটি চালান ঢাকায় আসছে—এমন তথ্য পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সন্দেহভাজন হিসেবে তল্লাশির জন্য প্রথমে রফিকুলকে আটক করেন। রফিকুল তাঁর কাছে ইয়াবা থাকার কথা অস্বীকার করেন। কিন্তু তাঁর অস্বাভাবিক আচরণে কর্মকর্তাদের সন্দেহ বাড়ে। পরে কর্মকর্তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে রফিকুল তাঁর পেটের ভেতর ইয়াবা রাখার কথা স্বীকার করেন। তাঁকে ওষুধ ও স্যালাইন খাওয়ান কর্মকর্তারা। এর পর রফিকুল মলত্যাগ করলে তাঁর মলের সঙ্গে ৪০ টি পাতলা প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায়। প্রতি প্যাকেটে ৫০ টি ইয়াবা ছিল। আরও জিজ্ঞাসাবাদ করলে রফিকুল তাঁর সঙ্গে আমিনুল নামের একজন ইয়াবা নিয়ে টেকনাফ থেকে ঢাকায় এসেছে বলে জানায়। এর পর কৌশলে আমিনুলকে ফকিরাপুল এলাকায় ডেকে আনা হয়। আমিনুল সেখানে গেলে কর্মকর্তারা তাঁর কাছ থেকেও একই ভাবে ৬০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করে। এভাবে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় দুজনের কাছ থেকে মোট পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
খোরশিদ আলম বলেন, এই দুজন প্রশিক্ষিত ইয়াবা পাচারকারী। এ ব্যাপারে মতিঝিল থানায় মামলা করা হয়েছে।