দুজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড থেকে সালফিউরিক অ্যাসিড পাচারের চেষ্টার ঘটনায় গত সোমবার রাতে ট্যাংকলরির চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন ট্যাংকলরির চালক নরসিংদীর পলাশ উপজেলার খালিপুর গ্রামের মো. আনোয়ার (৩৮) ও তাঁর সহকারী একই উপজেলার সুলতানপুর গ্রামের জাইদুল (৩০)।
মামলার তদন্ত কর্মকর্তা ও তারাকান্দি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস হোসাইন বলেন, ওই দুজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এজাহার ও কারখানা সূত্রে জানা যায়, গত শনিবার পাচারের সময় কারখানার প্রধান ফটকের সামনে থেকে তিন মেট্রিক টন সালফিউরিক অ্যাসিডসহ একটি ট্যাংকলরি আটক করা হয়। এ ঘটনায় সোমবার রাতে কারখানার সহকারী নিরাপত্তা ব্যবস্থাপক নুরুল আমিন লরির চালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে চুরি ও পাচারের চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন।