ঠিকাদারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চারজনকে অপহরণ করে দুজনের হাত-পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। এ দুই ব্যক্তির একজন পরে মারা যান এবং আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজনের একজন পালিয়ে এলেও অন্যজন রয়েছেন নিখোঁজ।
গতকাল রোববারের এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হরিপুর বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের ঠিকাদারি ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান ও তাঁর ছোট ভাই উপজেলা যুবদলের সহসভাপতি আজিজুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গতকাল সকালে কয়েকজন সন্ত্রাসী আজিজুলের সমর্থক ইসমাঈল হোসেনকে তাঁর বাড়ি থেকে অপহরণ করে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেয়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।
এ ঘটনার পর একই গ্রামে বেলা একটায় ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী আজিজুলের আরেক সমর্থক শাহেদ আলীর বাড়িতে যায়। তারা শাহেদের দুই ছেলে লিটন মিয়া (৩০) ও আফজাল হোসেন (৩৫) এবং নাতি মাহাবুব হাসান ওরফে রিংকুকে (২৭) একইভাবে অপহরণ করে। সেখান থেকে বজলুর রহমানের বাড়ির পেছনে নিয়ে লিটনের হাত-পায়ের রগ কেটে দেয় ও তাঁকে কুপিয়ে আহত করে। আফজালকে একটি মাইক্রোবাসে করে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। গুরুতর আহত লিটনকে পরে এলাকাবাসী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বিকেল পাঁচটায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের কবল থেকে দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হন রিংকু।
রিংকু দাবি করেন, বজলুর রহমানের নেতৃত্বে কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বি এম ডালিম ও ছাত্রলীগ ক্যাডার ইমরান হোসেন, রাসেল মিয়া, সেলিম হোসেন ও শামিম মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁদের অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে বজলুর রহমান ও বি এম ডালিমের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের মুঠোফোনও বন্ধ রয়েছে।
নিহত লিটনের স্ত্রী হালিমা আক্তার অভিযোগ করেন, ‘ঠিকাদারি কাজ ও আজিজুল হকের পক্ষে কাজ করার কারণে আমার স্বামীকে হত্যা করেছে প্রতিপক্ষরা।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ‘ঠিকাদারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই এ ঘটনা ঘটেছে। নিখোঁজ আফজালকে জীবিত উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি ছোড়া উদ্ধার করা হয়েছে।’
ওসি জানান, ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির নেতা বি এম ডালিমের মা আফিয়া বেগম, স্ত্রী রোমানা বেগম ছাড়াও বাদশা মিয়া, আক্তার হোসেন, শাহাদাত মিয়া, তাহের আলী, তুহিন মিয়াসহ মোট নয়জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।