>রেবেকা বেগম দাবি করেন, সাইফুল ইসলামের কোনো অপরাধ থাকলে তাঁকে অবিলম্বে আদালতে বিচারের সম্মুখীন করা হোক
গাইবান্ধায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া দুই ব্যক্তির সন্ধানের দাবিতে গতকাল বুধবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন হয়েছে।
দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক নিখোঁজ শফিউল ইসলামের স্ত্রী সাথী বেগম বলেন, ‘১০ জানুয়ারি বেলা ১১টায় ইউনিয়নের কাচারিবাজার এলাকা থেকে শফিউল ইসলামকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ১৪ জানুয়ারি সাদুল্যাপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। বিষয়টি ডিবি পুলিশ, র্যাব ও সাদুল্যাপুর থানার পুলিশকে জানিয়েও আমার স্বামীর সন্ধান পাইনি। ফলে তিন বছরের শিশুকন্যাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।’ সংবাদ সম্মেলনে শফিউলের ভাই সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, পুলিশের কেউ তাঁকে আটক কিংবা তুলে নিয়ে যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীর স্ত্রী রেবেকা বেগম গতকাল বেলা একটায় একই স্থানে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তিনি বলেন, ‘আমার ছেলে সাইফুল ইসলাম ১০ জানুয়ারি দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের তাজপুর গ্রামে তার বড় বোন জয়নব বানুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ওই দিন তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সাইফুল ইসলামকে আদালতে হাজির করা হয়নি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।’ এ ঘটনায় সাইফুলের স্ত্রী হালিমা আকতার দিনাজপুরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রেবেকা বেগম দাবি করেন, সাইফুল ইসলামের কোনো অপরাধ থাকলে তাঁকে অবিলম্বে আদালতে বিচারের সম্মুখীন করা হোক। অন্যথায় তাঁর হয়রানি ও জানমালের কোনো ক্ষতি হলে দায়ভার আইনশৃঙ্খলা বাহিনীকে বহন করতে হবে।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলামের ফুফু আনোয়ারা বেগম, দাদি আম্বিয়া বেগম, চাচি লালভী বেগম, মামি বিউটি বেগম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান গতকাল মুঠোফোনে বলেন, ‘সাইফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা কিছু জানি না।’