দুজনের হাতে জিম্মি গোটা জেলেপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমকি-নির্যাতনের মুখে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে সংখ্যালঘু সাতটি পরিবার। যারা আছে, তাদেরও জিম্মি অবস্থা। বাসিন্দাদের অভিযোগ, পাশের গ্রামের দুই ব্যক্তির অত্যাচারে এই অবস্থা টাঙ্গাইলের বাসাইল উপজেলার মটরা পূর্ব পাড়া গ্রামের।
জেলা শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে মটরা পূর্ব পাড়া গ্রাম। টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের কাছের এ গ্রামের অধিকাংশ মানুষ জেলে (রাজবংশী) সম্প্রদায়ের। কিন্তু গত কয়েক বছরে অনেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরি করছেন। ফলে দরিদ্র জেলেপল্লিতে সচ্ছলতার ছোঁয়া লেগেছে।
গ্রামবাসীর অভিযোগ, পার্শ্ববর্তী বাঐখোলা গ্রামের হবিবর রহমান ও নজরুল ইসলাম মটরা জেলেপাড়াকে জিম্মি করে রেখেছেন। প্রতিদিন হবিবর ও নজরুল দলবল নিয়ে এসে গ্রামের যেকোনো বাড়িতে উঠে পড়ে। এরপর লোকজনকে ঘর থেকে বের করে দিয়ে মাদকের আড্ডা বসায়। গ্রামের কেউ বিদেশে গেলে বা বিদেশ থেকে এলে হবিবর-নজরুলকে চাঁদা দিতে হয়। না দিলে গ্রামছাড়া হতে হয়। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
গত বুধবার বিকেলে সরেজমিনে মটরা পূর্ব পাড়ায় গিয়ে দেখা যায়, আটটি বাড়ি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। তবে গ্রামের একটি ছেলের মাধ্যমে জানা গেল, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে গেলে বাড়িঘর ছেড়ে যাওয়া অনেককে পাওয়া যেতে পারে। এরপর করটিয়া বাজারে গিয়ে কথা হয় গ্রামছাড়া হওয়া দুজনের সঙ্গে। তাঁরা জানান, প্রাণভয়ে তাঁরা বাড়িঘর ছেড়েছেন। হবিবর ও নজরুলরা সব সময় ক্ষমতাসীন দলের আশ্রয়-প্রশ্রয়ে থেকে এসব অপকর্ম করেন। তাঁরা এ ব্যাপারে মামলা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
এ দুজনের মাধ্যমে জানা গেল, তাঁদের মতো গ্রামের নিতাই রাজবংশী, ধলা রাজবংশী, রামপ্রসাদ রাজবংশী, সুধীর রাজবংশী ও খুশি মোহন রাজবংশীর পরিবার গ্রাম ছেড়েছে। এর মধ্যে নিতাই রাজবংশীর পরিবার আশ্রয় নিয়েছে পাশের একটি এলাকায়। পরে সেখানে গিয়ে তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বর্ণনা করেন তাঁর গ্রামছাড়ার কাহিনি।
অব্যাহত অত্যাচারের মুখে প্রায় ছয় মাস আগে কাতারপ্রবাসী ধলা রাজবংশীর স্ত্রী-সন্তানেরা বাড়িঘর ফেলে গ্রাম থেকে চলে যান। তাঁদের পরিত্যক্ত বাড়িতে দিন দশেক আগে হবিবর ও নজরুলের কয়েকজন সহযোগী মাদকের আড্ডা বসায়। এ সময় পুলিশ হবিবরের ভাই বাদলসহ চারজনকে ধরে নিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন নিতাই রাজবংশীর ছেলে সুধীর রাজবংশীকে ধরে নিয়ে যান হবিবর ও তাঁর লোকজন। তাঁদের নির্যাতনে একপর্যায়ে সুধীর অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে বাড়িতে রেখে গেলেও পরিবারটিকে অবিলম্বে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ওই দিনই পরিবারটি গ্রাম ছাড়ে।
অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে হবিবর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই গ্রামের হিন্দুরা আমার কথায় ভোট দেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে হিন্দু এলাকায় আমার ভাবমূর্তি নষ্ট করার জন্যই সামান্য ঘটনাকে পুঁজি করে আমার বিরোধীরা এগুলো করছেন।’ নজরুল ইসলামকে এলাকায় পাওয়া যায়নি। মুঠোফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাসাইল থানার ওসি দেলোয়ার আহমেদ বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় বাড়িঘর ছেড়ে যাওয়া লোকদের বাড়িতে থাকতে বলে এসেছেন। এলাকার লোকজন লিখিত অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।