কুমিল্লা শহরতলির ধর্মপুর এলাকা থেকে আশিকুর রহমান নামের এক ব্যক্তিকে দুটি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে তাঁকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আশিকুর রহমান বোমা আশিক ও হাত কাটা আশিক নামেও পরিচিত। তাঁর বিরুদ্ধে ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের ছুরিকাঘাতসহ তাঁদের মুঠোফোন ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। এ কারণে তাঁর গ্রেপ্তারের খবর শুনে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন।
র্যা ব-১১ কুমিল্লার সিপিসি-২-এর উপপরিচালক মেজর মো. মোস্তফা কায়জার জানান, গত রোববার বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে গতকাল ভোররাত ৪টা পর্যন্ত টানা প্রায় ১২ ঘণ্টা শহরতলির কলেজ সড়কের ধর্মপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ভোরে আশিকুর রহমানকে তাঁর ঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ধর্মপুর ইউরো বাংলা হাউসের পূর্ব পাশে কচুখেত থেকে একটি শটগান এবং পরে আশিকের দেওয়া তথ্যমতে ভোরে একটি রিভলবার উদ্ধার করা হয়।
র্যা ব দাবি করেছে, আশিকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় ডাকাতি, অস্ত্র, নাশকতাসহ ১২টি মামলা রয়েছে। এর আগে গত ১৫ জানুয়ারি এই দলের সাতজন সদস্যকে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করে র্যা ব। গতকালের ঘটনায় আশিকের বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. ইসমাইল হোসেনকে প্রকাশ্যে ছুরিকাঘাত করেন আশিক ও তাঁর বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে চেষ্টা করেও আশিকুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।