দুটি ইটভাটার ধোঁয়ায় শতাধিক বিঘা জমির বোরো ধান নষ্ট

নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কিসামত পাঁচঘরিয়া গ্রামের শতাধিক বিঘা জমির বোরো ধানখেত পুড়ে গেছে। দুটি অনুমোদনহীন ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় তাঁদের ধানখেত পুড়ে নষ্ট হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা অভিযোগ করেছেন। ওই দুটি ইটভাটা অপসারণের দাবি জানিয়েছেন কৃষকেরা।
ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছর ফসলি মাঠে এমবিএফ নামে ইটভাটাটি স্থাপন করা হয়। এই ইটভাটার চিমনির উচ্চতা মাত্র ৬০ ফুট। নিয়ম অনুসারে চিমনির উচ্চতা থাকার কথা ১২০ ফুট। ওই ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধানখেত পুড়ে যাচ্ছে। এ ছাড়া এনআরবি নামের অপর একটি ইটভাটার ধোঁয়া থেকেও তাঁদের সমপরিমাণ ক্ষতি হচ্ছে।
জানতে চাইলে বদলগাছি উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী প্রথম আলোকে বলেন, ফসলি জমিতে পাশাপাশি ওই দুটি ইটভাটা রয়েছে। এর মধ্যে একটি ইটভাটার চিমনির উচ্চতা খুবই কম। ইটভাটার ধোঁয়ায় জমির বোরো ধান পুড়ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দুটি ইটভাটার আশপাশে বোরোখেত পুড়ে গেছে। গ্রামটির আম, লিচু, কলাগাছের ক্ষতি হয়েছে।
কৃষক বুলু মণ্ডল বলেন, ‘ইটভাটার ধোঁয়ায় আমার দুই বিঘা বোরো ধানখেত নষ্ট হয়েছে। আমাদের ধানের ক্ষতিপূরণ দিতে হবে।’
কৃষক কাজেম উদ্দিন বলেন, ‘আমার দুই বিঘা ধানখেত ছিল, সেটির ধান নষ্ট হয়েছে। এভাবে এলাকার শতাধিক বিঘা খেতের ধান নষ্ট হয়েছে। স্থানীয় প্রশাসন সময়মতো ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে আজ আমাদের কাঁদতে হতো না।’
কৃষক লাল মিয়া বলেন, ‘ইটভাটার কারণে আম, লিচুগাছে পচন ধরেছে। কলাগাছ মরে যাচ্ছে। আমরা ফসলি মাঠ থেকে ইটভাটার অপসারণ চাই।’
এমবিএফ ইটভাটার মালিক এনামুল হক বলেন, কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। পাহাড়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী মৌসুমের আগেই ইটভাটার চিমনির উচ্চতা বাড়ানো হবে। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পরিবেশ অধিপ্তরে আবেদন করেছি, এখনো অনুমোদন পাইনি।’
এনআরবি ইটভাটার ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, ‘দীর্ঘ ১০ বছর ধরে এখানে ইটভাটা রয়েছে। আমাদের ইটভাটার কারণে ফসলের কোনো ক্ষতি হয়নি। পাশের ইটভাটার চিমনির উচ্চতা কমের কারণে ধোঁয়ায় ফসলের ক্ষতি হয়েছে।’ আপনাদের ইটভাটার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র আছে কি না এমন প্রশ্নের জবারে তিনি বলেন, ‘বদলগাছিতে ২৭টির মতো ইটভাটা রয়েছে। এর মধ্যে হাতেগোনা ২-৩টির পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র রয়েছে। আমরা পরিবেশ অধিদপ্তরে আবেদন করে রেখেছি।’
পাহাড়পুরের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘ইটভাটার ধোঁয়ায় আমার ইউপির কিসামাত পাঁচঘরিয়া গ্রামের ফসলি মাঠের বোরো খেত পুড়ে গেছে। প্রতি বিঘার জন্য ১০ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।’
বদলগাছির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুসাইন শওকত প্রথম আলোকে বলেন, ‘বোরোখেত নষ্ট হওয়ার কথা শুনেছি।’