দুটি কারখানা সিলগালা ভেজাল মবিল জব্দ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুটি কারখানায় গত মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মবিল জব্দ করেছে র্যা ব। এ সময় চারজনকে আটক করা হয়। ভেজাল মবিল প্রস্তুত ও বাজারজাত করার অপরাধে তাঁদের মধ্যে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কলাগাছিয়া এলাকার মো. রানা, আবদুল জলিল, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার বাহেরচর এলাকার মো. সোহেল ও নরসিংদীর চরদিঘমদী এলাকার মো. রেজাউল।
গতকাল বুধবার র্যা ব-১১ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বেলা তিনটার দিকে এএসপি মো. আলমগীর হোসেন ও নির্বাহী হাকিম মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে র্যা বের একটি দল কলাগাছিয়া এলাকায় রফিকুল ইসলামের মালিকানাধীন চাচা-ভাতিজা এন্টারপ্রাইজ এবং ছোট মোল্লারচর এলাকায় সিদ্দিকুর রহমানের মালিকানাধীন নামবিহীন কারখানায় অভিযান চালায়। এ সময় দুটি কারখানা থেকে ৪ হাজার ২০০ লিটার ভেজাল মবিল, ৫৩টি খালি ড্রাম, ৬০০ লিটার ডিজেল, ২৩০ কেজি নষ্ট রাবার , ২২০ গ্রাম রেড অ্যান্ড অরেঞ্জ পাউডার, ১৬টি হাফ ড্রাম, একটি নছিমন (ভটভটি), একটি মোটরসাইকেল, মবিল তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও ২৫টি গ্যালন উদ্ধার করা হয়। ভেজাল মবিল তৈরির সময় চারজনকে আটক করা হয়।
পরে নির্বাহী হাকিম মোহাম্মদ কামাল হোসেন রানা ও সোহেলকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অন্যদিকে জলিলকে তিন মাসের কারাদণ্ড এবং রেজাউলকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেন। রেজাউল জরিমানার টাকা দিয়ে মুক্ত হন। অন্য তিনজনকে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়।