দুটি কালীমন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের দুটি কালীমন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যার হুমকি দিয়ে চিরকুট দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে গ্রামের পঞ্চশক্তি দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দিরের ভেতরে ওই উড়ো চিরকুট পাওয়া যায়। চিরকুটে ওই মন্দির এবং পার্শ্ববর্তী জগিদিয়া জয় কালীমন্দিরের পুরোহিতকেও হত্যার হুমকি দেওয়া হয়।

স্থানীয় লোকজনের ভাষ্য, পঞ্চশক্তি দক্ষিণেশ্বরী কালীবাড়ির মন্দিরে বিউটি রানি মজুমদার (৪৫) নামের এক নারী সকাল সাড়ে আটটার দিকে পূজা দিতে যান। তিনি মন্দিরের লোহার ফটক খুলে ভেতরে ঢুকতেই ওই চিরকুটটি দেখেন। এতে বলা হয়, ‘আশীর্বাদ ঠাকুর লিটন ও কালীবাড়ির সেবায়েত দুজনকে জবাই করে হত্যা করা হবে।’ ওপরে ও নিচে কলম দিয়ে কিছুটা আঁকাজোকা করে আরবি লেখা বোঝানোর চেষ্টা করা হয়েছে।

বিউটি রানি মজুমদার বিষয়টি মন্দিরের পুরোহিত লিটন চক্রবর্তীকে জানান। পরে লিটন চক্রবর্তী পার্শ্ববর্তী জগিদিয়া জয় কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র কর্মকারকেও ঘটনাটি জানান। খবর পেয়ে থানা থেকে সকালে একজন উপপরিদর্শক (এসআই), পরে বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজেই মন্দির দুটি পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।

জগিদিয়া জয় কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র কর্মকার প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থানে মন্দিরের পুরোহিতের ওপর হামলার ঘটনার কারণে এমনিতেই তাঁদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তার ওপর দুই মন্দিরের পুরোহিতের নাম উল্লেখ করে হত্যার হুমকি দেওয়ায় আতঙ্ক আর বেড়ে গেছে।

জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি নয়, একটি ছোট চিরকুট লিখে কে বারা কারা পঞ্চশক্তি দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দিরে রেখে গেছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এ ব্যাপারে থানায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।