বরগুনায় সাংসদের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর দায়ের করা অভিযোগ নথিভুক্ত করেনি সদর থানার পুলিশ। গত রোববার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সামনে সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর হাতে প্রহৃত হওয়ার পর সোমবার রাতেই বরগুনা ছাড়তে বাধ্য হন নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক।
নির্বাহী প্রকৌশলীর অভিযোগ নথিভুক্ত না করলেও আমতলী থানায় তাঁর বিরুদ্ধে সাংসদের দায়ের করা একটি মামলা সোমবার রাতে নথিভুক্ত করা হয়। এদিকে পাথরঘাটার গহরপুর গ্রামে আরেক সাংসদের জুতাপেটার শিকার গৃহবধূ তিন দিনে ঘরের বাইরে বের হননি। দুই সাংসদের এ দুটি ঘটনাই তদন্তে নেমেছে একটি গোয়েন্দা সংস্থা।
আবদুল মালেক গতকাল বুধবার দুপুরে মুঠোফোনে জানান, মঙ্গলবার রাতে পাউবোর শাখা কর্মকর্তা তাঁর (আবদুল মালেক) স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ বরগুনা থানার ওসির হাতে পৌঁছে দেন। ওসি অভিযোগপত্রটি রেখে দেন। কিন্তু অজ্ঞাত কারণে সেটি গতকাল পর্যন্ত নথির্ভুক্ত করা হয়নি। তিনি আরও জানান, গত সোমবার সাংসদের পক্ষ হয়ে দুই যুবক দেখা করে তাঁকে শাসিয়ে বলেন, সাংসদের সঙ্গে মীমাংসা করেন, অন্যথায় সমস্যা হবে। এরপর তিনি ওই রাতেই নিরাপত্তার অভাবে বরগুনা ছাড়েন। গত তিন দিন তিনি অফিস করছেন না।
বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন গতকাল বলেন, ‘নির্বাহী প্রকৌশলীর কোনো লিখিত অভিযোগ আমি হাতে পাইনি।’ এর আগে সোমবার গভীর রাতে উপজেলার সেকান্দারখালী গ্রামের নুরুল ইসলাম মুন্সী নামে এক ব্যক্তি বাদী হয়ে গাছ কাটার অভিযোগ এনে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আমতলী থানায় একটি মামলা করেছেন।
গাছ কাটার অভিযোগ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক বলেন, ‘আমার ওপর সাংসদের চড়াও হওয়ার মূল কারণ হচ্ছে, বরগুনায় বর্তমানে সোয়া ২০০ কোটি টাকার বাঁধ মেরামতের কাজ চলছে। এসব কাজে তাঁদের হিস্যা না পাওয়ার ক্ষোভে আমাকে মারধর করেছেন। এখন ঘটনা ধামাচাপা দিতে উল্টো আমাকে প্রধান আসামি করে গাছ কাটার অভিযোগে মামলা করানো হয়েছে।’
অপরদিকে বরগুনার পাথরঘাটার গহরপুর গ্রামে এক সালিসে জুতাপেটা ও মাথায় মানুষের বিষ্ঠা ঢেলে দেওয়ার পর লজ্জায়-অপমানে তিন দিন ধরে বাড়ির বাইরে যাচ্ছেন না গৃহবধূ ও তাঁর স্বামী। বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান ওই গৃহবধূকে সালিস বৈঠকে জুতাপেটা করেন এবং তাঁর মাথায় মানুষের বিষ্ঠা ঢেলে দেওয়ার আদেশ দেন।
বেসরকারি সংস্থা ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির পাথরঘাটা উপজেলা মাঠ সংগঠক আলমগীর হোসেন ওই গৃহবধূর সঙ্গে দেখা করেছেন।
পাথরঘাটা থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, গৃহবধূর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
গত রোববার দুপুরে বরগুনার এ দুই সাংসদের কাণ্ড নিয়ে মঙ্গলবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘বরগুনায় দুই সাংসদের কাণ্ড’ শিরোনামে একটি প্রতিবেদনপ্রকাশিত হয়।