দুটি জীবিত হরিণ উদ্ধার, ১৪০ কেজি মাংস জব্দ

বরগুনা জেলার পাথরঘাটা থেকে দুটি জীবিত হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে হরিণের ১৪০ কেজি মাংস।
গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাদুরতলা এলাকায় বিষখালী নদীতে থাকা একটি ট্রলার থেকে এই হরিণ ও হরিণের মাংস উদ্ধার করা হয়। ট্রলারটি জব্দ করেছে কোস্ট গার্ড। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
কোস্ট গার্ডের পাথরঘাটার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের একটি দল বিষখালী নদীতে অবস্থানরত একটি ট্রলারকে ধাওয়া করে। একপর্যায়ে বাদুরতলা এলাকায় নদীর পাশে ট্রলারটি নোঙর করে ভেতরে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ট্রলার থেকে দুটি জীবিত হরিণ ও হরিণের বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, পাথরঘাটা বন বিভাগের কাছে জীবিত হরিণ ও হরিণের মাংস হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
পরে অবশ্য সকাল সাড়ে নয়টার দিকে ওই হরিণ ও হরিণের মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পাথরঘাটা সদর বন বিভাগের বিট কর্মকর্তা মো. হুমায়ুন কবির তালুকদার বলেন, মেপে দেখা গেছে, উদ্ধার হওয়া হরিণের মাংসের ওজন ১৪০ কেজি। এই মাংস নষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হবে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জীবিত হরিণ দুটি বনে অবমুক্ত করা হবে।
