দুটি ট্রেনে টিকিট-সংকট কষ্টে হবিগঞ্জের যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট থেকে চট্টগ্রামগামী দুটি আন্তনগর ট্রেনে প্রয়োজনীয়সংখ্যক আসন বরাদ্দ না দেওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে হবিগঞ্জ জেলার যাত্রীরা। এ কারণে টিকিট না পাওয়ায় এ জেলার যাত্রীদের সঙ্গে রেল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বাদানুবাদ হচ্ছে।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, সিলেট-চট্টগ্রাম রেলপথে উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস নামে দুটি আন্তনগর যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এগুলো হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ জংশন স্টেশনে যাত্রাবিরতি করে। এ স্টেশন থেকে হবিগঞ্জ জেলার আটটি উপজেলার অসংখ্য মানুষ চট্টগ্রামে যাতায়াত করে। এ জেলার জন্য উদয়ন ট্রেনে শোভন শ্রেণিতে ৩৮টি আসন বরাদ্দ রাখা হয়েছে। প্রথম শ্রেণি বা চেয়ারে কোনো আসন রাখা হয়নি।

অপরদিকে পাহাড়িকা এক্সপ্রেসে হবিগঞ্জ জেলার জন্য আসন রাখা হয়েছে ২৮টি। তার মধ্যে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বগি স্নিগ্ধায় ৪টি, প্রথম শ্রেণি ২টি ও শোভন ২২টি। শোভন শ্রেণিতে চেয়ারের কোনো আসন রাখা হয়নি এই ট্রেনেও।

 এ দুটি ট্রেনে চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ায় শায়েস্তাগঞ্জ জংশনে এসে যাত্রীরা রেল বিভাগের লোকজনের সঙ্গে দেনদরবার করে। ওই স্টেশনে কথা হয় হবিগঞ্জ শহরের বাসিন্দা সিরাজুল ইসলামের। তিনি জানান, তিনি ২২ জানুয়ারি চট্টগ্রাম যাবেন। কিন্তু গতকাল সকালে শায়েস্তাগঞ্জ জংশন টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারেন, ওই দিনের কোনো টিকিট নেই। যাত্রার চার দিন আগেও কোনো টিকিট না পাওয়ায় তর্কে জড়িয়ে পড়েন তিনি। এভাবে প্রতিনিয়ত এ জেলার লোকজনের সঙ্গে টিকিট পাওয়া না-পাওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা হচ্ছে রেল বিভাগের লোকজনের।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক বলেন, এ জেলার কয়েক শ মানুষ প্রতিদিন চট্টগ্রামের যাতায়াত করেন। অথচ এর বিপরীতে অনেক কম টিকিট বরাদ্দ করা হয়েছে। এ সমস্যা সমাধানে তিনি সরকারের কাছে এ রুটে আরও আসন বরাদ্দের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশনমাস্টার মোহাম্মদ মোয়াজ্জুল হক প্রথম আলোকে বলেন, এ দুটি ট্রেনে হবিগঞ্জের জন্য যে ৬৬টি আসন রাখা হয়েছে, তা দিয়ে চাহিদা পূরণ করা যাচ্ছে না। তাঁর মতে, কমপক্ষে ২০০ টিকিট প্রয়োজন। বিষয়টি রেল বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। এসব ট্রেনে টিকিট বাড়ানোর জন্য হবিগঞ্জ সদর আসনের সাংসদ মো. আবু জাহির মন্ত্রণালয়ে ডিও লেটার (আধা সরকারিপত্র) দিয়েছেন।

সাংসদ মো. আবু জাহির ওই দুটি ট্রেনে হবিগঞ্জ জেলার যাত্রীদের জন্য আসন বাড়াতে ডিও লেটার দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।