দুটি দোকান থেকে স্বর্ণালংকার ও তিন লাখ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গত শুক্রবার গভীর রাতে দুটি স্বর্ণের দোকান থেকে ৭৩ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৩ লাখ টাকা চুরি হয়েছে। বি-ব্লক শাহ সুলতান (রহ.) ক্যান্টনমেন্ট মার্কেটের মীম জুয়েলার্স ও নীলা জুয়েলার্স নামের দুটি দোকানে এ চুরি হয়।
দোকান দুটির মালিকেরা জানান, শুক্রবার দিবাগত রাতে মীম জুয়েলার্সের পেছনে স্টাইল টেইলার্সের কারখানার শাটারের তালা ভেঙে ভেতরে ঢোকে চোরেরা। এরপর মাঝখানের দেয়ালের ইট খুলে মীম জুয়েলার্সে ও পরে পাশের দেয়ালের ইট খুলে নীলা জুয়েলার্সে প্রবেশ করে তারা।
নীলা জুয়েলার্সের ব্যবস্থাপক জহুরুল ইসলাম বলেন, গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে দোকানের শাটার খুলে ভেতরে ঢুকে চুরির বিষয়টি টের পান। দেখেন দোকানের সিন্দুক ভেঙে ২ লাখ টাকা এবং ৪০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
মীম জুয়েলার্সের মালিক মঞ্জুরুল ইসলামের ভাষ্যমতে, সকালে দোকান খুলে চুরির বিষয়টি টের পাওয়ার পর দেখেন, দোকান থেকে ৩৩ ভরি স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা চুরি গেছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। চোর শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।’