দুটি পরিবার ও ভারতীয় পর্যটকের মালামাল গায়েব
কক্সবাজার থেকে চট্টগ্রামে ফেরার পথে ভারতীয় পর্যটক ও দুই পরিবারের পাঁচ লাখ টাকার মালামাল খোয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে সৌদিয়া পরিবহনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে গাড়িচালক ও দুই সহকারীকে আটক করে নগরের খুলশী থানা পুলিশ। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মালামাল উদ্ধার হয়নি।
বাসযাত্রী ও কলেজশিক্ষক নির্মল দত্ত প্রথম আলোকে জানান, তিনিসহ ভারতীয় নাগরিক রাজ বসু, তাঁর বোন সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার রিক্তা দত্তের পরিবার কক্সবাজার থেকে বৃহস্পতিবার বিকেলে সৌদিয়া পরিবহনের একটি বাসে রওনা হয়ে রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের দামপাড়া বাস কাউন্টারে এসে পৌঁছান। তাঁরা সবাই একে অপরের আত্মীয়। কিন্তু বাস থেকে নামার পর তাঁদের মালামাল ভর্তি লাগেজ পাঁচটি পাওয়া যায়নি বলে জানানো হয়। লাগেজগুলো বাসে তোলার সময় টোকেন চাইলেও সহকারীরা দেননি।
নির্মল দত্ত আরও জানান, লাগেজগুলোতে ৭৮০ ডলার, নগদ ২৩ হাজার ৫০০ টাকা, দেড় ভরি ওজনের স্বর্ণালংকার, কাপড়চোপড়সহ পাঁচ লাখ টাকার মালামাল ছিল। বাস থেকে নামার পর লাগেজগুলো ফেরত চাইলে চালক ও সহকারীরা এগুলোর খোঁজ দিতে পারেননি। বিষয়টি তাৎক্ষণিকভাবে নগরের দামপাড়া সৌদিয়া কাউন্টারের কর্মরতদের জানানো হয়। পরে গতকাল শুক্রবার সকালে নির্মল দত্ত বাদী হয়ে খুলশী থানায় একটি জিডি করেন।
নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান বলেন, এ ঘটনায় চালক ও দুই সহকারীকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ ও পুলিশের অভিযান চলছে।
সৌদিয়া পরিবহনের চট্টগ্রামের ইনচার্জ মো. রফিকুল আলম বলেন, ‘ভুলে অন্য কোনো যাত্রীকে ওই মালামাল দেওয়া হয়েছে। যাত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।’
তবে রাত সাড়ে আটটার দিকে এসআই সোলায়মান জানান, গতকাল সন্ধ্যায় এক বৈঠক শেষে সোহাগ পরিবহনের পক্ষ থেকে ওই পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।