দুটি পাইপগানসহ দুই তরুণ গ্রেপ্তার
নাটোর শহর থেকে গত শনিবার রাতে দুটি পাইপগানসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের গতকাল রোববার সদর থানায় হস্তান্তর করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওই দুই তরুণ হলেন শহরের ঝাউতলা এলাকার কাউছার শেখ (২৪) ও কামরুল ইসলাম (২৫)।
র্যাব নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, ক্যাম্পের সহকারী পুলিশ সুপার শেখ আনোয়ার হোসেনসহ র্যাবের একদল সদস্য শহরের বনবেলঘড়িয়া এলাকায় সরকারি শিশু পরিবারের সামনে নাটোর-রাজশাহী সড়ক থেকে শনিবার রাতে ওই দুই তরুণকে সন্দেহমূলকভাবে গ্রেপ্তার করেন। পরে তাঁদের শরীর তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে একটি করে পাইপগান জব্দ করা হয়। অস্ত্রসহ তাঁদের সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। পরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাবের সহকারী পুলিশ সুপার শেখ আনোয়ার হোসেন বলেন, ওই দুই তরুণ অস্ত্র কেনাবেচা করছিলেন, এমন খবরের ভিত্তিতে তাঁরা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।