দুটি বাস পোড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিরা 'শনাক্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে অবরোধে দুটি বাস পোড়ানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। পুলিশ এ দাবি করেছে।
পুলিশ সূত্র জানায়, গত রোববার রাতে নগরের বাকলিয়া থানার তুলাতলী সেতুর কাছে বাস পোড়ানোর ঘটনায় হাতেনাতে নুরুল আজম ওরফে রনি নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পরিকল্পনাকারী ও গাড়ি পোড়ানোর জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এ রকম ৪০-৫০ জনের নাম-ঠিকানা পেয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, ‘বাকলিয়ায় বাস পোড়ানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি।’
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে নগরের গরীবুল্লাহ শাহ মাজারসংলগ্ন এলাকায় বরযাত্রীবাহী বাস পোড়ানোর ঘটনায় জড়িত ব্যক্তিদেরও পুলিশ শনাক্ত করতে পেরেছে। এ ঘটনার পরিকল্পনাকারী লালখান বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম ও তাঁর ভাই মাসুদ কামাল। শাহ আলম গত রোববার পুরোনো একটি মামলায় আদালতে হাজিরা দিতে যান। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভুইয়া বলেন, শাহ আলম ও তাঁর ভাই মাসুদ কামাল নাশকতার জন্য অর্থের জোগান দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে গরীবুল্লাহ শাহ মাজারের কাছে যাত্রীবাহী বাসটি তাঁদের মদদে পোড়ানো হয়।
এদিকে চট্টগ্রাম নগরে গাড়ি পুড়িয়ে আতঙ্ক সৃষ্টি ও ভাঙচুরের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। এরই মধ্যে গতকাল সোমবার রাতে জিইসি মোড়ে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
অবরোধের সপ্তম দিনে গতকাল জনজীবনে তেমন প্রভাব পড়তে দেখা যায়নি। নগরে গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল। অফিস-আদালতে স্বাভাবিক কাজ হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল।
অবরোধের কারণে গতকালও দূরপাল্লার বাস চলাচল ছিল সীমিত। তবে পণ্যভর্তি ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলের সংখ্যা বেড়েছে বলে জানান অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত।