দুটি বাসে আগুন, পুলিশের গুলিতে আহত ১
রাজশাহীতে আজ রোববার ভোররাতে কাউন্টারের সামনে রাখা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ রিংকু নামে একজনের পায়ে গুলি করেছে ও দুজনকে আটক করেছে। পুলিশের দাবি, বাসে আগুন দিয়ে পালানোর সময় রিংকুকে গুলি করা হয়।
রিংকুর (২৫) হাঁটুর নিচে গুলি লাগে। তিনি ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল আলম ওরফে পল্টুর ভাতিজা। আটক বাকি দুজন হলেন রেজাবুল হাসান (৩৫) ও মিম আল মাহামুদ ইসতিয়াক (১৯)। রেজাবুলের বাবার নাম আশরাফুল আলম ও মিমের বাবার নাম আতিফুল ইসলাম। তাঁদের সবার বাড়ি নগরের তালাইমারী এলাকায়।
আটক রিংকু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজন নগরের বোয়ালিয়া মডেল থানায় রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত শিরোইল বাস টার্মিনালের পাশে রাখা হানিফ এন্টারপ্রাইজের দুটি বাসে পেট্রলবোমা ছোড়ে। এ সময় বাস দুটিতে আগুন ধরে যায়। বাসে ঘুমিয়ে থাকা চালকের সহকারীরা চিৎকার শুরু করেন। স্থানীয়রা গিয়ে দুর্বৃত্তদের তাড়া করে। এ সময় তারা দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই চালকের সহকারীরা বাস থেকে বেরিয়ে যান।
স্থানীয় লোকজন বাসের আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাস দুটি পুড়ে গেছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমের ভাষ্য, বাসে আগুন দিয়ে পালানোর সময় পুলিশ গুলি করলে রিংকুর পায়ে লাগে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রিংকুর মা রেহানা বেওয়া অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ছেলের বাবা মারা গেছে। তারপর থেকে তিনি তাঁর বাবার বাড়িতে নগরের সাধুরমোড় এলাকায় থাকেন। ছেলে তাঁর দাদাবাড়ি তালাইমারীতে থাকেন। নাটোরে বউকে আনতে শ্বশুরবাড়ি যাবে—তাই ভোরে ছেলে রিংকু সাধুর মোড়ে মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এ সময় কারা যেন একটি মোটরসাইকেল ফেলে পালিয়েছে। রিংকু মোটরসাইকেলটি তুলতে গিয়েছিলেন। এ সময় পুলিশ গিয়ে তাঁকে গুলি করে। তাঁর হাঁটুর নিচে গুলি লাগে।
মা রেহানা বেওয়ার দাবি, তাঁর ছেলে রিংকু কোনো রাজনীতি করেন না। আগে লেদ মেশিনে কাজ করতেন। গোপনে বিয়ে করার পর থেকে অটোরিকশা চালান। তাঁর ছেলে ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ভাতিজা।
হাসপাতালে গিয়ে দেখা যায়, চিকিৎসাধীন রিংকু মুঠোফোনে কাকে যেন গালি দিয়ে বলছেন, ‘এই ... পুলিশ আমাকে ধরে গুলি করেছে।’ এরপর পাহারায় থাকা পুলিশ তাঁর হাত থেকে ফোনটি নিয়ে মায়ের হাতে দেন। যারা মোটরসাইকেল ফেলে গেছে তাদের চেনেন কি না—জানতে চাইলে রিংকু বলেন, ওদের মাথায় হেলমেট ছিল। তিনি চেনেন না। অচেনা লোকের ফেলে যাওয়া মোটরসাইকেল কেন তুলতে গিয়েছিলেন—জানতে চাইলে তিনি আর কোনো কথা বলেননি।