দুটি বিদ্যালয়ের মাঠে বসে পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল উচ্চবিদ্যালয় ও পুঁজাঘাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে দীর্ঘদিন ধরে চলছে পশুর হাট। এতে ক্লাস চলার সময় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। প্রতি শনি ও বুধবার বিদ্যালয় দুটির মাঠে দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই হাট চলে।
হাটের দুই দিন দুই বিদ্যালয়েই পাঠদানের সময় সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত করা হয়েছে। শিক্ষার্থীদের অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান শিক্ষকেরা।
জোনাইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্যাহ্ বলেন, সরকারিভাবে এই হাট জোনাইল বাজারের নামে ইজারা দেওয়া আছে। কিন্তু বাজার এলাকায় জায়গা না থাকায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির লোকজন ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুরুজ্জামান তরফদারের সিদ্ধান্তে বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানো হয়।
প্রধান শিক্ষক আরও বলেন, প্রতিবছর দুটি বিদ্যালয়েরই উন্নয়নের জন্য কিছু অর্থ দিয়ে থাকেন হাট কমিটির লোকজন।
জোনাইল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আশা মণি বলে, প্রতি বুধ ও শনিবার পশুর হাট বসানোর কারণে মাঠে খুব হইচই হয়। এত শব্দে লেখাপড়ায় মনোযোগ থাকে না।
এই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন বলে, মাঠে হাট বসায় যত্রতত্র গোবর পড়ে থাকে। এতে বিকেলে বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করা যায় না। অনেক সময় মাঠে পড়ে থাকা গোবরে পা পিছলে পড়তে হয়।
জোনাইল পুঁজাঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ ফেরদৌসী বলেন, ‘আমরা চাই বিকেল সাড়ে চারটা পর্যন্ত ক্লাস নিতে। কিন্তু হাটের জন্য আগেই বিদ্যালয় ছুটি দিতে হয়। হাট না বসানোর জন্য আমি প্রতিবছর হাট কমিটির লোকজনকে বলে আসছি। কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না।’
জোনাইল উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ হোসেন তরফদার বলেন, এলাকাবাসীর দাবির মুখে তৎকালীন সাবেক গুনারিতলার ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান তরফদারের নেতৃত্বে ওই পশুর হাট বসানো হয়। তবে তিনি সেটিকে সরানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন বলে জানান তিনি।
মাদারগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন তালুকদার বলেন, পৌরসভা থেকে জোনাইল হাটের জন্য পশুর হাট ইজারা দেওয়া হয়। তাঁরা বিদ্যালয়ের মাঠ কীভাবে ব্যবহার করেন, তা তিনি জানেন না বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানো ঠিক না। কেউ এ বিষয়ে অভিযোগ দিলে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।