টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল হককে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে দুটি মামলা হয়েছে। গত শনিবার রাতে ওই চেয়ারম্যান ও পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুল হক বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।
ওই দুটি মামলায় গ্রেপ্তার করা শরিফ আহমেদ, আকাশ ও সুমন তালুকদারকে পুলিশ গতকাল রোববার টাঙ্গাইল আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত এ ব্যাপারে ২৩ মার্চ শুাননির দিন নির্ধারণ করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করলেও সন্ত্রাসীদের ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে পারেনি।
গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে শামসুল হক পান্নাকে গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে সন্ত্রাসীরা মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় ঘাটাইলের রামদেবপুর এলাকায় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় গতকাল রোববার প্রথম আলোয় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা শিরোনামে সংবাদ ছাপা হয়।
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা গেলেও অস্ত্রটি এখনো উদ্ধার করা যায়নি। আদালতে আসামিদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে অবশ্যই ঘটনার পরিকল্পনাকারীকেও চিহ্নিত করা যাবে।
চেয়ারম্যান শামসুল হক গতকাল বিকেলে বলেন, আজ সোমবার উপজেলার জনপ্রতিনিধিদের জরুরি সভা আহ্বান করা হয়েছে। এ সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।