দুটি রোগ নির্ণয়কেন্দ্রের সাড়ে তিন লাখ টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট (শনাক্তকরণ রাসায়নিক পদার্থ) ব্যবহার ও প্যাথলজি পরীক্ষায় অদক্ষ জনবল নিয়োগ দেওয়ায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় দুটি রোগ নির্ণয়কেন্দ্রকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া বিক্রয়নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় তিনটি ওষুধের দোকানকে আরও সোয়া তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার আগ্রাবাদ এক্সেস রোড ও কদমতলী এলাকায় এ অভিযান চালান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী হাকিম সারওয়ার আলম। জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি চিকিৎসক নুরুল হায়দার ও ড্রাগ প্রশাসনের কর্মকর্তারা অভিযানে সহায়তা করেন।
র্যাব সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট ব্যবহার করায় ও প্যাথলজি পরীক্ষার রিপোর্ট চিকিৎসকের পরিবর্তে টেকনিশিয়ান দিয়ে স্বাক্ষর করায় আগ্রাবাদ এক্সেস রোডের অ্যাপেক্স ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে কদমতলী এলাকার শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিককে মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট ব্যবহার ও প্যাথলজিতে ন্যূনতম দক্ষতা নেই, এমন লোকজনকে দিয়ে পরীক্ষার কাজ করানোর অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব সূত্র আরও জানায়, এ ছাড়া একই এলাকার সাইক মেডিকেল স্টোরকে মেয়াদোত্তীর্ণ, বিক্রয়নিষিদ্ধ ও গরু মোটাতাজাকরণ ওষুধ বিক্রি করার দায়ে দুই লাখ টাকা, এমএন সন্স ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধের জন্য এক লাখ টাকা ও এক্সেস রোডের হেভেন ফার্মেসিকে অনুমোদনহীন ওষুধ বিক্রির জন্য ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী হাকিম সারওয়ার আলম বলেন, দুটি রোগ নির্ণয়কেন্দ্রতেই নষ্ট ও মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট পাওয়া গেছে। শাহজালাল ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে প্যাথলজিতে যাঁরা কাজ করছেন, তাঁদের কারওরই সে সংক্রান্ত একাডেমিক বা কোনো ধরনের যোগ্যতা নেই। বিভিন্ন ধরনের অনিয়মের জন্য দুটি রোগ নির্ণয়কেন্দ্র ও তিনটি ফার্মেসিকে মোট পৌনে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।