দুটি লাশ উদ্ধার, পুলিশ বলছে পরিকল্পিত হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মুলাদি উপজেলার সফিপুর এলাকার জয়ন্তী নদী থেকে এক গৃহবধূ এবং চরপদ্মা গ্রাম থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুজনই পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার বলে সন্দেহ করছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে মুলাদি থানা-পুলিশ লাশ দুটি উদ্ধার করে। গতকাল শুক্রবার দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত গৃহবধূ সাথী বেগম (১৮) একই উপজেলার সফিপুর গ্রামের রাজীব আকনের স্ত্রী এবং ফরিদপুরের শ্যামপুর গ্রামের রাঙা ব্যাপারীর মেয়ে। অপরদিকে নিহত যুবক সিদ্দিক উকিল (৪০) কালকিনি উপজেলার দক্ষিণ ঝুনারনন্দী এলাকার এসাহাক উকিলের ছেলে।

গত বৃহস্পতিবার রাতে জয়ন্তী নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশটি সফিপুরের রাজীবের স্ত্রীর বলে শনাক্ত করেন এলাকাবাসী। সাথীর নাক ও স্তন দুটি কেটে ফেলা হয়েছে। গলা কেটে হত্যার চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, নিহত সাথী বেগমের স্বামী রাজীব আকন এক সপ্তাহ আগে স্ত্রীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডায়েরিতে উল্লেখ করা হয়, তাঁর স্ত্রী সাথী ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন। তাঁদের ধারণা, রাজীব এই হত্যাকাণ্ড সংঘটিত করতে পারেন। লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর রাজীব ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপন করেছেন।

এদিকে একই রাতে মুলাদির চরপদ্মা গ্রামের একটি বাগানে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় সিদ্দিক উকিলের লাশ। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, চরপদ্মা গ্রামের হাকিম গোমস্তার মেয়েকে বিয়ে করেন সিদ্দিকের বন্ধু মিজান। এরপর মিজান দক্ষিণ ঝুনারনন্দী এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতেন। তখন মিজানের পরিবারের সঙ্গে সখ্য গড়ে ওঠে সিদ্দিক উকিলের। একপর্যায়ে সিদ্দিকের স্ত্রীর সঙ্গে মিজানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে মিজান কৌশলে গত ২৪ মে সিদ্দিককে তাঁর শ্বশুর হাকিম গোমস্তার বাড়িতে নিয়ে যান। কিন্তু সিদ্দিকের পরিবার বিষয়টি জানত না। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর সিদ্দিকের পরিবার সংশ্লিষ্ট থানায় জিডি করে। এমনকি মিজানের বাড়িতে গিয়েও সিদ্দিকের খোঁজ করা হয়।

পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি মুলাদি থানা-পুলিশকে অবহিত করে। এ ঘটনায় পুলিশ মিজানের শাশুড়ি ফুলুন্নেছাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ফুলুন্নেছা সিদ্দিক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। ফুলুন্নেছার বাড়ি-সংলগ্ন বাগানের মাটি খুঁড়ে সিদ্দিকের লাশ উদ্ধার করা হয়।

ফুলুন্নেছা আরও জানান, মিজান তাঁর স্ত্রীসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সিদ্দিককে হত্যা করে লাশ মাটিচাপা দেন।

মুলাদি থানার ওসি মতিউর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাতে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। সিদ্দিককে হত্যার কথা স্বীকার করেছেন মিজানের শাশুড়ি ফুলুন্নেছা। তবে ওই বিষয় কালকিনি থানা দেখবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাথী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিবারেরও দাবি তা-ই। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে গতকাল পর্যন্ত মামলা হয়নি।