
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চার চরে যৌথ বাহিনী জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে। পাঁচ ঘণ্টার অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুটি সামুরাই, চারটি রামদা ও একটি চাকু। কোনো জঙ্গি আস্তানার খোঁজ পাওয়া যায়নি।
উপজেলার ফুলছড়ি ইউনিয়নে যমুনা নদীর দুর্গম চর খোলাবাড়ি, খঞ্চাপাড়া, বাগবাড়ি ও গাবগাছিতে আজ শুক্রবার জঙ্গিবিরোধী অভিযান চালায় যৌথ বাহিনী। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেনের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের ১২০ সদস্য এ অভিযানে অংশ নেন। শুক্রবার ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, এর আগে পার্শ্ববর্তী বগুড়া জেলার সারিয়াকান্দি ও গাইবান্ধার সাঘাটা উপজেলার দুর্গম চরে যৌথ বাহিনী জঙ্গিবিরোধী অভিযান চালায়। ওই দুটি স্থানে অভিযানের সময় ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলের বিভিন্ন স্থানে জঙ্গিরা আশ্রয় নিয়েছে বলে পুলিশের কাছে তথ্য আসে। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার ওই সব চরে অভিযান চালানো হয়।
ওসি আরও বলেন, অভিযানে জঙ্গিদের কোনো আস্তানার সন্ধান পাওয়া যায়নি। কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ওই সব চরাঞ্চল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি সামুরাই, চারটি রামদা ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন অভিযান শেষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফুলছড়ি থানায় ফিরে সাংবাদিকদের বলেন, দীর্ঘসময় জঙ্গিবিরোধী অভিযানের কারণে এলাকায় জনসচেতনতা তৈরি হয়েছে। এ ছাড়া অভিযানে এলাকার নিখোঁজ ব্যক্তিদের তথ্য সন্ধান করা হয়েছে।