দুটি সুন্ধি কাছিম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কাজীরবাজার থেকে উদ্ধার করা দুটি সুন্ধি কাছিম l­ প্রথম আলো
সিলেটের কাজীরবাজার থেকে উদ্ধার করা দুটি সুন্ধি কাছিম l­ প্রথম আলো

মাছবিক্রেতা মাছ নিয়ে বসেছেন। সেই মাছের ভেতর ছিল দুটি কচ্ছপ। খবর পেয়ে বন বিভাগের একদল পরিদর্শক সেখানে গিয়ে কচ্ছপ দুটি উদ্ধার করেন। মাছবিক্রেতা যান পালিয়ে।
গতকাল শুক্রবার দুপুরে এভাবেই সিলেট নগরের বড় মাছের বাজার কাজীরবাজার থেকে কচ্ছপ দুটি উদ্ধার করে বন বিভাগ।
বন্য প্রাণী সংরক্ষণ আইনে যেকোনো প্রজাতির কচ্ছপ ধরা, মারা ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ।
বন বিভাগ সূত্র জানায়, কাজীরবাজারে মাছ কেনাবেচার আড়ালে একটি সংঘবদ্ধ চক্র কচ্ছপ বিক্রিতে লিপ্ত। কচ্ছপ বিক্রির খবর পেয়ে বেলা আড়াইটার দিকে একটি পরিদর্শক দল সেখানে অভিযান চালায়। কাজীরবাজারে পৌঁছামাত্র ওই মাছবিক্রেতা দৌড়ে পালিয়ে যান। পরে তাঁর মাছ তল্লাশি চালিয়ে দুটি কচ্ছপ উদ্ধার করা হয়।
পরিদর্শক দলে থাকা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা দেলওয়ার রহমান জানান, কচ্ছপ দুটি সুন্ধি কাছিম প্রজাতির। এগুলো সাধারণত মাছ শিকারের সঙ্গে ধরা পড়ে। অতিমাত্রায় শিকারের কারণে সুন্ধি কাছিম প্রায় বিলুপ্ত। উদ্ধার করা সুন্ধি কাছিমের প্রতিটি এক কেজি ১০০ গ্রাম করে ওজনের। কচ্ছপ দুটি জীবিত থাকায় এগুলো অবমুক্ত করা হবে।
কচ্ছপ উদ্ধারের পর কাজীরবাজার মৎস্য আড়তে গেলে একাধিক মাছবিক্রেতা জানান, চাহিদা থাকায় কচ্ছপ শিকার ও বিক্রিতে মাছবিক্রেতার বেশে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। কচ্ছপের মাংস ছাড়াও খোল চর্বি আলাদা করে বিক্রি হয়। তবে কচ্ছপ বিক্রেতাদের নাম ও পরিচয় সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি।