দুটি স্থানে কিশোর ও কিশোরীর লাশ উদ্ধার
কেরানীগঞ্জে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা তিনটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর বাঁশপট্টি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার মেঘনা নদী থেকে গতকাল শনিবার বিকেলে অজ্ঞাত (১২) কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের আগানগর বাঁশপট্টি এলাকায় জনৈক শরীফ মিয়ার কামারশালার পাশে পরিত্যক্ত একটি ঘরের ভেতর অজ্ঞাত মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহত কিশোরের মৃতদেহ উদ্ধার করে। তার ব্যক্তির হাত-পা পেছন দিক থেকে দড়ি দিয়ে এবং কাপড় দিয়ে মুখ বাঁধা ছিল। লাশের পাশে একটি ছুরি পাওয়া গেছে। নিহত কিশোরের পরনে ছিল লাল রঙের হাফহাতা গেঞ্জি এবং ছাই রঙের ফুলপ্যান্ট।
সোনারগাঁ থানার উপপরিদর্শক নাসির উদ্দিন সরকার জানান, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে ভাসমান একটি তরুণীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত (১২) কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কিশোরীর পরনে ছিল সাদা কালো সালোয়ার কামিজ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।