দুটি সড়ক সংস্কারের নামে উত্তরায় ২০০ বৃক্ষ নিধন

উত্তরার দুটি সড়ক থেকে ছোট-বড় ২০০টি গাছ কেটে ফেলেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সড়ক দুটি সংস্কারের নামে গত এক সপ্তাহের মধ্যে এসব গাছ কাটা হয়েছে। গাছ কাটা নিয়ে উত্তরা বাসিন্দা ও সেক্টর কল্যাণ সমিতির নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, কোনো কারণ ছাড়াই এসব গাছ কাটা হয়েছে।
রাজধানী ঢাকাকে সবুজ করার জন্য বিশেষ প্রচারণা চালাচ্ছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তাঁর তৎপরতায় কয়েকটি পদচারী-সেতুতেও অর্থ ব্যয় করে গাছ লাগানো হয়েছে। তারপরও কী করে উত্তরার রাস্তা থেকে গাছ কাটা হলো, জানতে চাইলে আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘ওখানে কী হচ্ছে, আমি তা না দেখে বলতে পারব না। তবে কখনো কখনো প্রয়োজনে গাছ কাটা দরকার হতে পারে। তবে আমরা গাছের পক্ষে, ১০টি কাটলে ১২টি লাগাতে হবে।’
উত্তরার বাসিন্দারা জানিয়েছেন, উত্তরা ৪ নম্বর সেক্টরের শাহজালাল অ্যাভিনিউ ও ৬ নম্বর সেক্টরের ঈশা খাঁ অ্যাভিনিউয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে সংস্কারকাজ চলছে। ওই দুই সড়ক থেকে ছোট-বড় মিলে প্রায় ২০০-এর বেশি গাছ কাটা হয়েছে। দুই সড়কের পাশে মেহগনি, সেগুন, অর্জুন, আম, জাম, কাঁঠাল, নারকেল, সুপারি, খেঁজুর, ইপিল ইপিল, শিশুসহ বিভিন্ন প্রজাতির গাছ ছিল। এগুলোর বয়স ৫ থেকে ২০ বছরের মধ্যে।
গাছ কাটার ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, নির্দেশনা অনুযায়ী রাস্তা প্রশস্তকরণ ও ফুটপাতের জন্য যতটুকু জায়গায় কাজের পরিকল্পনা আছে, সেসব জায়গা থেকেই গাছগুলো কাটা হয়েছে। একটি অতিরিক্ত গাছও কাটা হয়নি।
গতকাল উত্তরায় গিয়ে দেখা যায়, ঈশা খাঁ অ্যাভিনিউয়ে উত্তর ও দক্ষিণ পাশ থেকে ছোট-বড় ১০০টির বেশি গাছ নেই। কেবল গাছের কাটা অংশ পড়ে আছে। স্থানীয় ব্যক্তিরা জানান, সড়কের অধিকাংশ গাছই কাটা পড়েছে। তবে স্থানীয় ব্যক্তিদের বাধার মুখে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল ফটকের সামনের বটগাছটি কাটতে পারেনি।
৬ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সহসভাপতি মাসুদুল হক প্রথম আলোকে বলেন, ঈশা খাঁ সড়কটি বিএনসিসি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়েছে। সড়কটি খুব দীর্ঘ নয়। ভারী গাড়িও ঢোকে না। সংস্কারের নাম করে গাছগুলো বিক্রি করে দেওয়া হয়েছে।
৪ নম্বর সেক্টরের শাহজালাল অ্যাভিনিউয়েও একই অবস্থা। এ সড়কেও একটি বটগাছ বাদে নির্ধারিত জায়গার আশপাশ থেকে ছোট-বড় সব ধরনের গাছই কেটে ফেলা হয়েছে। স্থানীয় ব্যক্তিদের ধারণা, সড়ক প্রশস্তকরণের প্রস্তাবিত জায়গায় থাকায় এটিও কেটে ফেলা হবে। সড়কের আজমপুর বাসস্ট্যান্ডের পূর্ব পাশ থেকে আজমপুর রেলগেট পর্যন্ত এলাকায় সংস্কারকাজ চলছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, ঈশা খাঁ সড়কের বটগাছটি বাঁচল, অথচ এ সারির অন্য গাছগুলো কাটা পড়েছে। এটা কী করে সম্ভব? আসলে সংস্কারের নামে গাছগুলো বিক্রি করা হয়েছে।
উত্তরা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফছার উদ্দিন খান প্রথম আলোকে বলেন, পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত জায়গায় থাকা গাছগুলোই কাটা পড়েছে।
এলাকা ঘুরে দেখা যায়, গাছ কাটার কারণে দুই সড়কেই সৌন্দর্যহানি হয়েছে। পরিকল্পনার বাইরে থাকা আজমপুর-ঈশা খাঁ সংযোগ সড়কে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালের দেয়াল ঘেঁষে বেড়ে ওঠা একটি গাছও কাটা হয়েছে।