দুটি হোটেল ও একটি ফার্মেসিকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পচা ও মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণ করায় চট্টগ্রাম নগরের দুটি হোটেল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম নগরের ও আর নিজাম রোড এবং জিইসি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এসব অভিযান চালান। অভিযানে তিনটি দোকানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ও আর নিজাম রোডে অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস। অভিযানে পচা আলু দিয়ে খাবার তৈরি, বাসি খাবার সংরক্ষণ, রান্না করা ও কাঁচা মাংস একসঙ্গে সংরক্ষণের দায়ে নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে একই এলাকার সেন্ট্রাল ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জিইসি মোড়ে অভিযান চালান অধিদপ্তরের আরেক সহকারী পরিচালক নাসরিন আক্তার। মেয়াদোত্তীর্ণ ময়দা দিয়ে খাবার তৈরি এবং ফ্রিজে রান্না করা বাসি মাংস সংরক্ষণের দায়ে জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।