ফরিদপুরের তিনটি উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলার দুই ইউপিতে ব্যাপক অনিয়মের অভিযোগ ও সহিংসতার ঘটনার মধ্যে ভোট হয়। তবে জেলার বাকি ১৫টি ইউপিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।
মধুখালী উপজেলার চারটি ইউপিতে গতকাল ভোট হয়। এর মধ্যে রায়পুর ও বাগাট ইউপিতে ভোটের সুষ্ঠু পরিবেশ ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানান। রায়পুর ইউপির একটি কেন্দ্রে হামলার ঘটনায় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১০ জন অহত হয়। আর বাগাট ইউপির প্রায় প্রতিটি কেন্দ্রেই ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের প্রার্থী মো. মোতালেব হোসেন মৃধার সমর্থকেরা গতকাল বেলা পৌনে একটার দিকে রায়পুর ইউপির বড় গোপালদী কেন্দ্রটি দখলের চেষ্টা করেন। এ সময় তাঁদের হামলায় পুলিশ সদস্য মো. সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন মিয়ার এজেন্ট আলমগীর হোসেন (২৬) ও স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলামের এজেন্ট মো. লুৎফর রহমান (২৪) আহত হন। একপর্যায়ে পুলিশ, বিজিবি ও র্যা ব গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা প্রার্থী মোতালেব মৃধা ও তাঁর ছোট ভাই হারেজ মৃধাকেও লাঠিপেটা করে কেন্দ্র থেকে বের করে দেয়। আটক করা হয় তাঁদের সমর্থক ওহাব (৩৭) ও রহমতকে (২৬)।
প্রার্থী মোতালেব মৃধা প্রথম আলোকে বলেন, তিনি গোলযোগ ঠেকাতে ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে ও তাঁর ভাইকে অন্যায়ভাবে মারপিট করেছে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বহিরাগত ব্যক্তিরা কেন্দ্রটি দখল করতে এলে তাঁরা ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। তখন কেন্দ্রের বাইরে কী ঘটেছে, তা তিনি জানেন না।
উপজেলার বাগাট ইউপির নয়টি কেন্দ্রের প্রায় প্রতিটিতেই ব্যাপক অনিয়মের অভিযোগের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়। সরেজমিনে বাগাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে জাল ভোট এবং এক বুথে একাধিক ভোটারকে একসঙ্গে ভোট দিতে দেখা গেছে। পাশাপাশি কোনো কেন্দ্রেই বিএনপির প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।
দক্ষিণ চরবাগাট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, ‘সকাল থেকেই আমি ধানের শীষ প্রতীকের কোনো এজেন্ট পাইনি।’
আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাগাট ইউপির বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের আটজন এজেন্টকে ২ হাজার ৪০০ টাকা এবং একজন মোটরসাইকেল আরোহী ও একজন ইজিবাইক চালককে ৪০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রেজাউল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক আলীমুজ্জামানকে সাংবাদিকদের পর্যবেক্ষণের কার্ড নিয়ে বিভিন্ন কেন্দ্রে ঘুরতে দেখা যায়। মনিরুজ্জামান প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি সাংবাদিক। তিনি স্থানীয় পত্রিকা বোয়ালমারী বার্তা সম্পাদনা করেন। তবে পত্রিকাটির সম্পাদক কোরবান আলী প্রথম আলোকে বলেন, অনেক আগে মনিরুজ্জামানকে মধুখালী উপজেলা প্রতিনিধি হিসেবে কার্ড দেওয়া হয়েছিল। তিনি বর্তমানে সক্রিয় নন।
মধুখালী উপজেলার অপর দুটি, সদরপুর উপজেলার নয়টি ও চরভদ্রাসন উপজেলার চারটি ইউপিতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।