দুদক কর্মকর্তাকে 'প্রাণনাশের হুমকি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী–৪ আসনের সরকারদলীয় সাংসদ এনামুল হকের আয়কর আইনজীবী কাঞ্চন দাশের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপপরিচালক যতন কুমার রায়। আজ বুধবার দুপুরে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন যতন কুমার রায়।

যতন কুমারের অভিযোগ, এনামুল হকের বিরুদ্ধে মামলার সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা না দিতে বলেছেন কাঞ্চন দাশ। যতন কুমার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁকে (কাঞ্চনকে) জানালে তিনি তাঁকে প্রাণনাশের হুমকি দেন।

আজ বিকেলে যতন কুমার সাংবাদিকদের বলেন, আজ বুধবার সকাল ১০টা ৮ মিনিটে কাঞ্চন তাঁকে ফোন করেন। ফোনে কাঞ্চন বলেন, ‘এনামুল হক স্যার বলেছেন, ওপর মহল তাঁর পক্ষে আছে। আপনি শুধু তাঁর বিরুদ্ধে মামলা না করার সুপারিশ করে প্রতিবেদন জমা দেবেন।’ জবাবে আইন অনুযায়ী প্রতিবেদনটি জমা দেওয়ার বিষয়টি জানালে কাঞ্চন তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলে দাবি করেন যতন কুমার রায়। তিনি বলেন, কমিশনের অনুমোদন নিয়েই জিডি করেছেন তিনি।
কাঞ্চনের পরিচয়সংক্রান্ত এক প্রশ্নের জবাবে যতন কুমার রায় বলেন, গত সোমবার দুদক কার্যালয়ে সাংসদ এনামুল হককে জিজ্ঞাসাদের দিন তাঁর সঙ্গে কাঞ্চন এসেছিলেন। এনামুল হক কাঞ্চনকে তাঁর আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দেন।