দুদকে তিন সরকারি কর্মকর্তার শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগ–সংশ্লিষ্ট তিনজন সরকারি কর্মকর্তাকে নিয়ে শুনানি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের কার্যালয়ে ওই তিনজনের বক্তব্য শুনেছে পূর্ণাঙ্গ কমিশন।

কমিশন যাঁদের বক্তব্য শুনেছে, তাঁরা হলেন রাজশাহীর পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম হোসেন, রেজিস্ট্রেশন অধিদপ্তরের এআইজিআর আবু হেনা মো. গোলাম ফারুক এবং কুষ্টিয়া সদর উপজেলার সাবেক ইউএনও ও বর্তমানে পাবনার আটঘরিয়ার ইউএনও আলীমুন রাজীব।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে দুই কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম ও নাসিরউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। কমিশন তিন সরকারি কর্মকর্তার পূর্ণাঙ্গ বক্তব্য শোনেন ও অভিযোগ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। পরে তদন্ত কর্মকর্তার বক্তব্যও শোনেন।

দুদক সূত্র জানিয়েছে, পরে এই তিনজনের বক্তব্য, নথি এবং সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে কমিশন এসব বিষয়ে সিদ্ধান্ত দেবে।

প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২২ ধারা অনুযায়ী, কমিশন যদি মনে করে অভিযোগ–সংশ্লিষ্ট কোনো ব্যক্তির বক্তব্য শোনা প্রয়োজন, তাহলে কমিশন উক্ত ব্যক্তিকে শুনানির যুক্তিসংগত সুযোগ দিতে পারে।